পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়নসহ দশটি দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৪১৫ কোটি টাকা।সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, আলোচ্যসূচির ১০টি প্রস্তাবই অনুমোদিত হয়েছে।নূরুল করিম জানান, ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পের গাজীপুর অংশের ভূমি উন্নয়ন (প্যাকেজ-৫৩, লট-০৪)’ কাজের দরদাতা নিয়োগ পেয়েছে যৌথভাবে এআরকে-আইএইচজেভি। এ কাজে ব্যয় হবে ৬৫ কোটি ৩৬ লাখ টাকা। এই প্রকল্পের বিভিন্ন খাতে সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে তিনটি প্যাকেজে ছয়টি লটের কাজ পেয়েছে ছয়টি প্রতিষ্ঠান। এ কাজে ব্যয় হবে ৭৭ কোটি ৫৬ লাখ টাকা।‘লালমাটিয়া হাউজিং এস্টেটে সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রয়ের লক্ষ্যে ১৪৩টি ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের ১৪ তলাবিশিষ্ট আবাসিক ভবন নম্বর ১ ও ২ নির্মাণকাজের ভেরিয়েশনের অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় হবে ১১ কোটি ১৮ লাখ টাকা। ৬২ থেকে ৬৩ কোটি টাকা ব্যয়ে দুই টাকা মূল্যমানের ৫০ কোটি পিস ধাতব মুদ্রা সরবরাহ করার একটি প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে।নূরুল করিম জানান, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নদী খননের জন্য খননযন্ত্র (ড্রেজার) ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘ম্যানুফেকচারিং অ্যান্ড সাপ্লাই অব টাগ-১০০০ এইচপি এক্সেসরিজসহ (তিন সেট) (প্যাকেজ নম্বর পিওডি-৩)’ ক্রয়কাজের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে পুনঃ দরপত্র আহ্বানের পরিবর্তে মূল্যায়ন কমিটি কর্তৃক সুপারিশকৃত পূর্বের সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডকেই কার্যাদেশ দেওয়া হয়েছে। ব্যয় হবে ৫৫ কোটি ৩১ লাখ টাকা।বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় তিন কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ‘জরুরি ২০০৭ ঘূর্ণিঝড় পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পে’র আওতায় বাস্তবায়নাধীন দেশের দক্ষিণা-ঞ্চলের তিন জেলায় ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসনে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সংশোধিত চুক্তি ও ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের আওতায় খুলনার দাকোপ ও কয়রা উপজেলায় ২৪টি নতুন বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণকাজের দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন আরেকটি প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে। এটি হলো ‘পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে’ নিয়োগকৃত ‘এফডিআর কন্সালেটন্সি সার্ভিসেস’-এর মেয়াদ চার বছর (জুলাই ২০১১-জুন ২০১৫) বাড়াতে সংশোধিত চুক্তি ও ভেরিয়েশন। ব্যয় হবে ১৮ কোটি ৭১ লাখ টাকা।ঢাকার ফুলবাড়িয়ায় ‘জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ ও পরিচালনা মনিটরিং কেন্দ্রের’ সাততলা ভবনের নির্মাণকাজের দ্বিতীয় ভেরিয়েশনে ব্যয় হবে সাত কোটি ৭৫ লাখ টাকা।