ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সেমিস্টার পদ্ধতির চলমান নিয়মাবলি সংস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাসে উপস্থিতির হার ৬৫ থেকে ৭৪ শতাংশের মধ্যে হলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। আর উপস্থিতি ৬০ শতাংশের কম হলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা গেছে, ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগেও পরীক্ষা দেওয়া যেত না। তবে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর ক্লাসে উপস্থিতির বিষয়ে একেক অনুষদে একেক নিয়ম ছিল। এ কারণেই নতুন এই নিয়ম করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ক্লাসে উপস্থিতি, মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্ত প্রতিটি অনুষদের জন্য বাধ্যতামূলক হিসেবে নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, সেমিস্টার পদ্ধতিতে বিভিন্ন অনুষদে পাঠদান শুরু হলেও একেক অনুষদে নিয়মাবলি একেক রকম। কিছু নিয়মের জন্য শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছিল। শিক্ষকেরাও এ ক্ষেত্রে কোনো সমাধান দিতে পারছিলেন না। তাই উদ্ভূত বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী ক্লাসে উপস্থিতির হার ৭৫ শতাংশ থাকলে তিনি নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে বিজ্ঞান, জীববজ্ঞািন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে উপস্থিতির হার ৩০ শতাংশের কম হলে ছাত্রত্ব বাতিল করা হবে। ২০০৬-০৭ শিক্ষা বর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হয়। বাণিজ্য অনুষদে এ পদ্ধতিতে পাঠদান শুরু হয়েছে আরও আগে। সম্প্রতি বিজ্ঞান অনুষদের কিছু বিভাগে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরুর প্রক্রিয়া চলছে। নতুন নিয়ম অনুযায়ী চার বছরের স্নাতক কোর্স সর্বোচ্চ ছয় বছরের মধ্যে শেষ করতে হবে। আগে এ সময়সীমা ছিল সাত বছর। এ ছাড়া এখন থেকে একজন শিক্ষার্থী তাঁর অনার্স শিক্ষাজীবনে সর্বোচ্চ দুবার পুনর্ভর্তি হতে পারবেন।উত্তীর্ণের জন্য সিজিপিএ: এক বর্ষ থেকে অন্য বর্ষে উত্তীর্ণের ক্ষেত্রে সিজিপিএ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের জন্য সিজিপিএ ২ দশমিক ২৫, দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণের জন্য সিজিপিএ ২ দশমিক ৫০, তৃতীয় থেকে চতুর্থ বর্ষে উত্তীর্ণের জন্য সিজিপিএ ২ দশমিক ৭৫ লাগবে। সব অনুষদের জন্য একই নিয়ম থাকলেও কলা অনুষদের জন্য এই সিজিপিএ প্রতি বর্ষেই ২ নির্ধারণ করা হয়েছে। মান উন্নয়ন: কোনো কোর্সে এফ গ্রেড পেলে একজন শিক্ষার্থী পরবর্তী ব্যাচগুলোর সঙ্গে দুবার ওই কোর্সের মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া শুধু কলা অনুষদ বাদে অন্যান্য অনুষদে সর্বনিম্ন বি গ্রেড পেলে একবার মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে। কলা অনুষদের ক্ষেত্রে মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার জন্য বি গ্রেড-এর নিচে পেতে হবে। মান উন্নয়ন পরীক্ষা দিলে পরীক্ষার্থীর সর্বশেষ ফলই বহাল থাকবে এবং আগের ফল বাতিল করা হবে। চতুর্থ বর্ষেও মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে। আট সপ্তাহের মধ্যে ফল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর জন্য পরীক্ষার খাতা মূল্যায়ন, সময়মতো ফল দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব রোববার একাডেমিক কাউন্সিলে উত্থাপন করা হয়। সভায় কোনো বিভাগ বা ইনস্টিটিউটকে সর্বশেষ বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে পরবর্তী সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র জমা দিতে না পারলে পরীক্ষকের বেতন থেকে দৈনিক ২৫ টাকা হারে কাটা হবে। বিলম্ব সময় ১০ দিন অতিক্রম করলে জরিমানাসহ সংশ্লিষ্ট পরীক্ষককে প্রত্যাহার করে নেওয়া হবে।