ক্লিন ঢাকা সপ্তাহের চাপ নেই পুরান ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত রোববার থেকে ‘ক্লিন ঢাকা সপ্তাহ’ শুরু হলেও পুরান ঢাকায় তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। পুরান ঢাকার অধিকাংশ স্থানে খোলা ডাস্টবিন। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনা মাড়িয়ে নাকে রুমাল দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।গতকাল সোমবার পুরান ঢাকার নয়াবাজার, বাবুবাজার, বংশাল, মিটফোর্ড রোড, মৌলভীবাজার, আগামসি লেন, সুরিটোলা স্কুলের সামনে, নয়াবাজার বাসাবাড়ি লেনসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা আগের মতোই দেখা গেছে। এসব এলাকার অধিকাংশ নর্দমা ময়লায় বদ্ধ হয়ে আছে।জানা গেছে, রাজধানীবাসীর অংশগ্রহণে ঢাকা সিটি করপোরেশন এবং জাইকার প্রশিক্ষিত দল যৌথভাবে আয়োজন করেছে ‘ক্লিন ঢাকা সপ্তাহ’ নামের প্রচারণা। কর্মসূচিতে সহযোগিতা করছে ওয়াটার এইড, সেইফ, আর্থ ক্লাব ও গ্রামীণফোন। বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, ক্লাব, এলাকাভিত্তিক সংগঠন এবং এলাকাবাসীর উপস্থিতিতে পালিত হচ্ছে এ কার্যক্রম। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কিন্তু পুরান ঢাকায় তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। পুরান ঢাকার নয়াবাজার এলাকার জুম্মন কমিউনিটি সেন্টারের সামনে ময়লা ফেলার একটি কনটেইনার রাখা হয়েছে, কিন্তু আবর্জনা পড়ে আছে কনটেইনারের বাইরে। পাশের দোকানি মোহাম্মদ লিটন জানান, ময়লার দুর্গন্ধে দোকানে বসে থাকা দায়। ময়লা কনটেইনার ছেড়ে রাস্তার ওপর চলে আসে। নিমতলী এলাকার কেন্দ্রীয় পশু হাসপাতালের উত্তর পাশে রাস্তায় রয়েছে খেলা ডাস্টবিন। ডাস্টবিনের পাশে সিটি করপোরেশন মার্কেটের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্লিন ঢাকা সপ্তাহ শুরু হলেও এখানে কোনো পরিবর্তন নেই। আশপাশের হোটেল ও অফিসের ময়লা এখানে ফেলা হচ্ছে। গোবরসহ দু-তিন দিন আগের ময়লা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে; কিন্তু কেউ এসবের প্রতিবাদ করতে পারছেন না। পুরান ঢাকার বাবুবাজার মাজারসংলগ্ন এলাকায় কোনো ডাস্টবিন নেই। লোকজন রাস্তার ওপর ময়লা ফেলছে। ট্রলিচালক মুজিবুর রহমান জানান, চাল কিনতে আসা লোকজন ময়লার গন্ধে দোকানে ঢুকতে চায় না। ময়লা বেড়ে গেলে এলাকায় যানজট লেগে যায়।সিদ্দিকবাজার বীজ মার্কেটের পাশের একটি গলিতে লোকজন রাস্তার ওপর ময়লা ফেলছে। স্থানীয় বাসিন্দা জাভেদ জাহান জানান, রাস্তার পাশে লোকজন ময়লা ফেলছে। এসব ময়লা পাশের নর্দমায় পড়ছে। প্রায়ই নর্দমা আটকে ময়লা পানি রাস্তায় উপচে পড়ে। জানা গেছে, এবারের ‘ক্লিন ঢাকা সপ্তাহ’-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিচ্ছন্ন ঢাকা নগর গড়ি’। ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, আবর্জনার বিষয়টি পুরোপুরি পরিবর্তন হবে না। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ক্লাব ও কমিউনিটিকে সচেতন করাই প্রকল্পের প্রধান কাজ। এ ক্ষেত্রে যারা ভালো অবদান রাখবে তাদের পুরস্কৃত করা হবে।