রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখন পাকা আম বিক্রি শুরু হয়েছে। এসব আমে স্বাদ বা গন্ধ কোনোটাই নেই। কারণ, এগুলো পাকানো হচ্ছে ক্ষতিকর সোডিয়াম ও ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। একইভাবে কৃত্রিম উপায়ে পাকানো হচ্ছে বিভিন্ন ধরনের কলা। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বাদামতলী ও ওয়াইজঘাটে ফলের আড়তে অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। পরে আদালত প্রায় ১০ মণ পাকা আম বুড়িগঙ্গায় ফেলে দেন। গতকাল দুপুরে পুরান ঢাকার বাদামতলী ফলের আড়তে অভিযান চালান আদালত। সেখানকার আবুল হোসেনের একটি পাকা আম কেটে উপস্থিত কয়েকজনকে ঘ্রাণ নিতে বলেন উপস্থিত ম্যাজিস্ট্রেট। আদালত ক্ষতিকর রাসায়নিক উপাদানে পাকানো এবং স্বাদ ও গন্ধহীন আম বিক্রির দায়ে শাহীন এন্টারপ্রাইজের মালিক মুনসুর হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে আদালত পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার আবদুল মালেক হাওলাদার, দীপঙ্কর বাবু ও নূরে আলমের প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় ব্যবসায়ীরা স্বীকার করেন, অপরিপক্ক কলা কৃত্রিম উপায়ে মাত্র ২৪ ঘণ্টায় পাকানো হচ্ছে। কলার আড়তে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ কাঁচা কলা স্তূপাকারে রাখা হয়েছে। কলার স্তূপের ভেতরে একটি কেরোসিনের চুলা (স্ট্রোভ) রাখা হয়েছে। ব্যবসায়ী দীপঙ্কর বাবু জানান, এসব কলা পাকাতে তাঁরা কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করছেন না। শুধু তাপ দিয়ে পাকানো হচ্ছে। তিনি জানান, এক ঘণ্টা চুলা জ্বালিয়ে রাখা হয়। পরে তাপে গ্যাসের সৃষ্টি হলে কলাগুলো ২৪ ঘণ্টায় পেকে যায়। তাপ ছাড়া এসব কলা পাকানো সম্ভব নয় বলে জানান তিনি।বিএসটিআইয়ের একজন বিশেষজ্ঞ বলেন, সোডিয়াম ও ক্যালসিয়াম কার্বাইড একটি রাসায়নিক উপাদান। এটি এক ধরনের শক্তিশালী ক্ষার জাতীয় পদার্থ। এটি ব্যবহার করে পাকানো ফল খেলে মানুষের শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, ক্ষতিকর সোডিয়াম কার্বাইড দিয়ে আম ও কৃত্রিম উপায়ে কলা পাকানোর অভিযোগে চারজন ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।