ক্ষতিকর ফরমালিনের ব্যবহার রোধে হাইকোর্টের নির্দেশনা
খাদ্যে ফরমালিন রোধে বাজারগুলোতে ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য পরীক্ষায় সরঞ্জাম সরবরাহ, আগ্রহী ক্রেতাদের উপস্থিতিতে রাসায়নিক পরীক্ষার সুযোগ এবং এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতনতার জন্য প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা কার্যক্রম গ্রহণ করে এক মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এ আদেশ দেন।একই সঙ্গে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ফরমালিন ও রাসায়নিকযুক্ত খাদ্য প্রবেশ বন্ধে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত বলেছেন, পরীক্ষার পর ভোগের উপযোগী খাদ্যদ্রব্য বাজারে প্রবেশ করতে পারবে। এর আগে আমদানি করা এসব খাদ্য বন্দরে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিন বা অন্য কোনো রাসায়নিক উপাদান নেই। সরকারের সংশ্লিষ্ট সচিবসহ বিবাদীদের প্রতি এসব নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া খাদ্যে ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য রয়েছে কি না, তা শনাক্ত করতে প্রয়োজনীয় সরঞ্জাম বাজারগুলোতে সরবরাহ করতে বলা হয়েছে। স্থানীয় সরকারনিয়ন্ত্রিত সিটি করপোরেশনের বাজারগুলোতে ৩০ দিনের মধ্যে পরীক্ষাসামগ্রী সরবরাহ করতে বলা হয়েছে।ফরমালিনযুক্ত খাদ্য আমদানি, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন গত সোমবার রিট আবেদনটি করেন। মঙ্গলবার শুনানি নিয়ে আদালত বুধবার আদেশের দিন ধার্য করেন।গতকাল আদালত রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, ইকবাল কবির ও খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন ও অন্য রাসায়নিক পদার্থ আমদানি, বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও রয়েছে। এ ছাড়া বাজারে বিক্রির জন্য আনা খাদ্যদ্রব্য ফরমালিন ও রাসায়নিকমুক্ত বলে নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, পরিবেশসচিব, স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, মৎস্যসচিবসহ ২১ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এসব রাসায়নিক দ্রব্যযুক্ত খাদ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতার জন্য ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।পরে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আমদানি করা খাদ্যে ফরমালিন বা রাসায়নিক রয়েছে কি না, তা পরীক্ষার জন্য বন্দরগুলোতে এবং সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা বাজারগুলোতে ৩০ দিনের মধ্যে ফরমালিন পরীক্ষার সামগ্রী সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য এলাকায় ধারাবাহিকভাবে এ আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি ১৫ জানুয়ারি শুনানির জন্য কার্যতালিকায় আসবে, বলেছেন আদালত।প্রসঙ্গত, এফবিসিসিআইয়ের উদ্যোগে রাজধানী ঢাকার চারটি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। বাজারগুলো হলো: মালিবাগ বাজার, শান্তিনগর কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার ও গুলশান-২ কাঁচাবাজার। এই বাজারগুলোতে দেওয়া হয়েছে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র। পর্যায়ক্রমে রাজধানীর সব বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে বলে এফবিসিসিআই এর আগে জানিয়েছে।