ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, ঘটছে দুর্ঘটনা
দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর একটি সংযোগস্থলের (এক্সপানশন জয়েন্ট) ওপরের অংশের স্টিলের পাত বিপজ্জনকভাবে উঠে গেছে। এর ফলে সেতুর ওই সংযোগস্থলে এক-দেড় ফুট চওড়া ফাঁকা তৈরি হয়েছে। চলাচলের সময় ওই ফাঁকায় চাকা আটকে গিয়ে দুর্ঘটনায় পড়ছে যানবাহন। চীনের সহায়তায় ঢাকার বাবুবাজার এবং কেরানীগঞ্জের মধ্যে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুটি নির্মিত হয়। যান চলাচল কিংবা ভূকম্পনের ফলে সব সেতুতেই সম্প্রসারণ এবং সংকোচনের জন্য বিয়ারিং ও একধরনের কলকব্জার সংযোগস্থল থাকে। এ সংযোগস্থল রাবার বা স্টিলের পাত দিয়ে ঢেকে রাখা হয়। সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর সংযোগস্থলের ওপরের পাতের পাশাপাশি বিয়ারিং ও কলকব্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেতুর ঢাকা প্রান্তের একটি সংযোগস্থলের পাত উঠে যাওয়ার পর সেটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে দৈর্ঘ্যে ৮ থেকে ১০ ফুট এবং চওড়ায় প্রায় এক ফুটের বেশি ফাঁকার সৃষ্টি হয়েছে। প্রায় চার মাস ধরেই এ অবস্থায় যান চলাচল করছে এবং তিন থেকে চারটি দুর্ঘটনাও ঘটেছে। ১৭ মার্চ রোববার সকালে কেরানীগঞ্জের কদমতলী থেকে নয়াবাজার অভিমুখী একটি যাত্রীবাহী বাস, মালবাহী ভ্যান ও একটি মোটরসাইকেল পাশাপাশি যাওয়ার সময় সেতুর ওই স্থানে আটকে যায়। এতে যাত্রীবাহী বাস, ভ্যান ও মোটরসাইকেল একটি আরেকটির সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ভ্যানচালক মো. মনির হোসেন (২৮) ও মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন।গুলিস্তান-মাওয়া পথে চলাচলকারী নগর পরিবহনের চালক ইব্রাহীম মিয়া বলেন, সেতুর ক্ষতিগ্রস্ত স্থানের ওপর দিয়ে যানবাহন পার হওয়ার সময় চাকা লাফিয়ে ওঠে। যেকোনো সময় যানবাহন কাত হয়ে দুর্ঘটনায় পড়তে পারে।দুর্ভোগের কথা উল্লেখ করে রিকশা-ভ্যানচালক বেলাল হোসেন বলেন, মাল নিয়ে সেতুর ক্ষতিগ্রস্ত স্থান দিয়ে ভ্যান পার করা খুব কঠিন হয়। একটু এদিক-ওদিক হলে দুর্ঘটনায় পড়তে হয়। সেতুর টোল আদায়ে নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স ডোর হাউসের পরিচালক সৈয়দ আহমেদ জানান, সেতুর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তাঁর আশঙ্কা। যোগাযোগ করা হলে সওজের বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার আশ্বাস দিয়ে বলেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।