ক্ষতিপূরণ দিতে হবে শিশু জিহাদের পরিবারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে প্রাণ হারানো শিশু জিহাদের পরিবারকে সরকারের ক্ষতিপূরণ দিতে হবে।
একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল হালিম ও সাদিয়া আরমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
রায়ের পর আবদুল হালিম সাংবাদিকদের বলেন, জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনে দেওয়া রুল আদালত মঞ্জুর (অ্যাবসোলিউট) করেছেন। এর ফলে সরকারকে এখন জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ এবং সরকারের কোন সংস্থা কত টাকা ক্ষতিপূরণ দেবে, তা পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে শাহজাহানপুরের রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে একটি পানির পাম্পের পাইপে পড়ে যায় শিশু জিহাদ। ২৩ ঘণ্টা চেষ্টার পর তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন শিশু অধিকার রক্ষাবিষয়ক সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে আইনজীবী আবদুল হালিম একটি রিট আবেদন করেন। এতে জিহাদের পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দেন।
স্বরাষ্ট্রসচিব, রেলওয়েসচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স), ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করা হয়।