ক্ষতিপূরণসহ নয় দফা দাবিতে বিদেশফেরত শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত ক্ষতিপূরণ দেওয়াসহ নয় দফা দাবিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সামনে গতকাল বুধবার মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বিদেশফেরত শ্রমিকেরা। ধর্মঘটে অংশ নেওয়া জহিরুল ইসলাম, মোহাম্মদ তাহাজ, রেজাউল করিমসহ আরও কয়েকজন প্রথম আলোকে বলেন, বিদেশে চাকরি দেওয়ার নামে কারও সঙ্গে প্রতারণা করলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা করার বিধান আছে। ওই বিধান মেনে প্রতিবছরই বিএমইটিতে শত শত মামলা হয়। সালিসি (আরবিট্রেশন) প্রক্রিয়ায় এসব মামলা শেষ হয়। কিন্তু প্রায়ই দেখা যায়, এসব মামলার শুনানি যথাসময়ে হয় না। ফলে শ্রমিকদের বছরের পর বছর ঘুরতে হয়। আবার শুনানি শেষে মামলার রায় দিলেও রিক্রুটিং এজেন্সিগুলো ক্ষতিপূরণের টাকা দেয় না। এসব ব্যাপারেও কোনো ব্যবস্থা নেয় না বিএমইটি। তাই এসব সমস্যার সমাধানের দাবিতে তাঁরা সকাল সাড়ে ১০টা থেকে বিএমইটির সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেন। মানববন্ধনে ৫০ থেকে ৬০ জন শ্রমিক অংশ নেন। পরে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) মাফরুহা সুলতানা শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বিএমইটি শ্রমিকদের বেশির ভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বলে জানা গেছে। শ্রমিকেরা জানান, বিএমইটি কর্তৃপক্ষ সাতটি দাবি মেনে নিয়েছে। তবে কল্যাণ তহবিলের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া এবং অতিরিক্ত সময়ে শুনানি গেলে শ্রমিকদের খরচ দেওয়ার বিষয়টি এখনো মানেনি। এ দাবির বিষয়ে এক মাসের মধ্যে বিএমইটি তাদের অবস্থান জানাবে বলে জানিয়েছে। তাই আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।