জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন ভবদহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, পরিবেশকর্মীসহ নাগরিক সমাজের নেতারা। তাঁরা বলেছেন, বিল কপালিয়াসহ সব জলাবদ্ধ এলাকায় জোয়ারাধার ব্যবস্থাপনা প্রকল্প (টিআরএম) বাস্তবায়নের আগে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ বিতরণের প্রক্রিয়া সহজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ভবদহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরকারের উদ্যোগ ও জনগণের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এ দাবি জানান। এতে যশোর, সাতক্ষীরাসহ জলাবদ্ধ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টিআরএম কর্মসূচি বাস্তবায়নের সমস্যা তুলে ধরেন। সভার সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলাবদ্ধতা নিরসনে জাতীয় পর্যায়ে এখনো মহাপরিকল্পনা নেওয়া হয়নি। তিনি বলেন, টিআরএম বাস্তবায়নে সবার মধ্যে মতৈক্য থাকলেও পার্শ্ববর্তী বিল খুকশিয়ার মানুষ ক্ষতিপূরণ পায়নি বলেই বিল কপালিয়ার মানুষ ফুঁসে উঠেছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে মানুষের আস্থা অর্জন করতে হলে আগে বিল খুকশিয়ার মানুষের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সহজ ও স্বচ্ছ করতে হবে। মানুষকে প্রতিপক্ষ করে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, টিআরএম নিয়ে মানুষের মধ্যে দ্বিমত নেই। ক্ষতিপূরণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের পদক্ষেপ নিতে হবে। আলোচনা সভায় যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম মোস্তফা মহিতুজ্জামান বলেন, ক্ষতিপূরণ না পাওয়ায় মানুষ নিজেদের এলাকায় প্রকল্প বাস্তবায়ন করতে দিতে চায় না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহজ-শর্তে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে।যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত বলেন, গ্রাম থেকে জেলা সদরে গিয়ে ক্ষতিপূরণের টাকা নিতে কৃষকদের নানামুখী ভোগান্তি পোহাতে হয়। আলোচনা শুরুর আগে এ বিষয়ে গবেষণা প্রতিবেদনে গবেষক আবুল হোসেন বলেন, বিল খুকশিয়ার মানুষ ক্ষতিপূরণ পায়নি বলেই বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়নে সমস্যা দেখা দিয়েছে। এলাকার মানুষ প্রকল্পের বিরুদ্ধে নয়, তারা চায় শর্ত অনুযায়ী সরকার কাজ করুক। প্রকল্পের কাজ শুরুর আগে সবার ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হলে সমস্যা থাকবে না। বেসরকারি সংস্থা নিজেরা করি, বেলা, এএলআরডি ও প্রগতি সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।