নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে ঢাকা আইনজীবী সমিতির ওপর আদালতের দেওয়া স্থিতাদেশের বিরুদ্ধে গতকাল সোমবার আপিল আবেদন করেছে সমিতি। ঢাকার জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. হেলাল উদ্দিন আপিল শুনানি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। আদালত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার আদেশ দেওয়া হতে পারে। কাল বুধবার নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে। গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ ঘোষণা ও পুনর্নির্বাচনের ঘোষণা চেয়ে একটি মামলা করা হয়। একই সঙ্গে নতুন নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞার আবেদন করা হয়। সহ-সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ঢাকার তৃতীয় সহকারী জজ এ এস এম মারুফ চৌধুরী স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জবাব দাখিলের আদেশ ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। এই আদেশের বিরুদ্ধে গতকাল সমিতির পক্ষে বর্তমান সভাপতি, সেক্রেটারি ও নতুন নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ জন আপিল করেন।