গত ১১ বছরে ক্ষুদ্র জাতিসত্তার নারীর ওপর ৪৬০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে আছে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শারীরিক নির্যাতন ও অপহরণ। এর মধ্যে সহিংসতার বেশি ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে, ১২৮টি। রাঙামাটিতে ঘটেছে ৯৪টি।
‘বাংলাদেশে আদিবাসী নারীর প্রতি সহিংসতা: কারণ, ফলাফল ও আইনি সহায়তা’ শীর্ষক এক আলোচনা সভায় এমন গবেষণা তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, গত ১১ বছরে সংবাদপত্রে প্রকাশিত ঘটনা ও ২৭ জনের সাক্ষাৎকারের মাধ্যমে এই গবেষণা করা হয়েছে। সাক্ষাৎকার দেওয়া ২৭ জনের মধ্যে ১৩ জন ভুক্তভোগী ও ৫ জন আইনজীবী। ৯ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করেন। ৪৬০টির মধ্যে ১২৮টি ঘটনায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন, কাপেং ফাউন্ডেশন ও ‘বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের’ যৌথ উদ্যোগে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
পল্লব চাকমা বলেন, নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম ঝুঁকিপূর্ণ অবস্থানে (রেড জোন) আছে। তবে ২০১৪ সালের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা খানিকটা কমেছে। ঢাকা, নওগাঁ, দিনাজপুর ও কক্সবাজার জেলায় তুলনামূলক ক্ষুদ্র জাতিসত্তার নারীর প্রতি সহিংসতা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী এবং সমতলে সাঁওতাল, গারো ও ওঁরাও জাতিগোষ্ঠীর নারীরা বেশি সহিংসতার শিকার হয়েছেন। সহিংসতার শিকার হওয়া নারীদের বেশির ভাগের বয়স ২০ বছরের নিচে। ভুক্তভোগী ১৩ জন নারীর মধ্যে ৫ জন নারী গবেষণা দলকে বলছেন, তাঁরা প্রতিবেশীর দ্বারা সহিংসতার শিকার হয়েছেন। একজন ভুক্তভোগী বলেছেন, তিনি তাঁর পরিবারের এক সদস্য দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ধর্ষণ না থাকলেও এখন তাদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘যেকোনো অপরাধ একটি সভ্য রাষ্ট্রে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি সভ্য ও কল্যাণকর রাষ্ট্র দাবি করি, তাহলে অপরাধের পেছনের কারণগুলো শনাক্ত করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়। যাঁর ক্ষমতা যত বেশি, তিনি নারীর প্রতি সহিংসতার ঘটনায় বেশি জড়িত। এটা খুবই উদ্বেগজনক। অনেকে আইনি সহায়তা নিতে গিয়েও পাননি। তাই সচেতনতা বাড়াতে হবে এবং কোনো ভুক্তভোগী যাতে হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থাকেও দায়ী করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, আগে সমতলের খাসি, গারো সম্প্রদায়ের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। সেই সমাজেও পুরুষতন্ত্র প্রাধান্য পাচ্ছে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, আগে মানবাধিকার কমিশন অন্তত আওয়াজ দিত। এখন সেই আওয়াজও শোনা যায় না। সোহরাব হাসানের মতে, বাংলাদেশ রাষ্ট্রটি ক্ষমতাবান্ধব। এই রাষ্ট্র এখন জনগণের কথা শুনছে না। বধির হয়ে গেছে।
২০১৫ সালে রাজধানীতে এক গারো জাতিসত্তার নারীর ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং। তিনি বলেন, সাত বছর হয়ে গেলেও এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি।
আলোচনা সভায় রাঙামাটি ও খাগড়াছড়ি কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, রাঙামাটিতে জাতীয় মানবাধিকার কমিশনের শাখা কার্যালয় থাকলেও তাদের সেখানে পাওয়া যায় না। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক মুহাম্মদ গাজী সালাউদ্দিন বলেন, স্থানীয় জনগোষ্ঠীর কোনো সমস্যা হলে তাঁকে জানালে তিনি বিষয়টি দেখবেন।