চিকিৎসক রেজাউল ইসলাম ১৫ বছর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরে ১৭ নম্বর সড়কের ৪১ নম্বর প্লটটি বরাদ্দ পান। কিন্তু কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে দেখেন, তাঁর প্লটেই ৪৩ নম্বর প্লটের মালিক বাড়ি তুলে ফেলেছেন। এরপর শুরু হয় নিজের নামে বরাদ্দ পাওয়া প্লটটি ফিরে পেতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন কর্মকর্তার কাছে দৌড়াদৌড়ি। কিন্তু রাজউক এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
রেজাউল ইসলাম গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত রাজউক নিয়ে গণশুনানিতে এই অভিযোগ করেন। এর জবাবে রাজউকের উপপরিচালক বাবুল মিয়া বলেন, প্লট বরাদ্দ দেওয়ার পর ওই সড়কের লে-আউট পরিকল্পনা সংশোধন করা হয়। এর ফলে একটি প্লট কমে গেছে। অন্য প্লটগুলোতেও বাড়ি উঠে যাওয়ায় এখন নতুন একটি প্লট সৃজন করে তাঁকে দিতে হবে।
বাবুল মিয়ার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করে রেজাউল ইসলাম বলেন, ‘লে-আউট প্ল্যান পরিবর্তন হলে সব প্লটের মালিকানা অদলবদল হওয়ার কথা। কিন্তু ওই সড়কের ১ নম্বর প্লটের মালিক রাজউকেরই একজন কর্মী। তাঁর প্লট পরিবর্তন হয়নি কেন? তাহলে অবশ্যই একজন সেখানে অবৈধভাবে বাড়ি করেছেন। সেই ব্যক্তিটি কে? এখন অন্য জায়গায় একটি প্লট দিতে চাইলেই বা আমি নেব কেন?’
রেজাউল ইসলামের এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি রাজউকের ওই উপপরিচালক। গণশুনানির পুরো সময়েই রাজউকের কর্মকর্তাদের তাঁদের কার্যক্রম নিয়ে ভুক্তভোগী অভিযোগকারীদের এমন নানা প্রশ্নে জর্জরিত হতে হয়েছে। অভিযোগকারীদের অনেকে ক্ষোভও জানিয়েছেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই গণশুনানি হয়। সেবা দেওয়ার ক্ষেত্রে রাজউকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আয়োজিত এই গণশুনানির জন্য ৭০টিরও বেশি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে গতকাল ৩০টির মতো অভিযোগের শুনানি হয়। এসব অভিযোগের মধ্যে ছিল—টাকা জমা দিয়েও প্লটের দখল না পাওয়া, লটারিতে বিজয়ী হয়েও প্লট না পাওয়া, অবৈধ স্থাপনা ভাঙার আবেদন করার পরও না ভাঙা, ক্ষতিগ্রস্ত হিসেবে প্লট পাওয়ার কথা থাকলেও না পাওয়া, নামজারি, প্ল্যান পাস করার ক্ষেত্রে হয়রানি-সংক্রান্ত।
শুনানি সঞ্চালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন ভূঁইয়া। রাজউকের উন্নয়ন, পরিকল্পনা ও এস্টেট শাখার সদস্য, পরিচালক, উপপরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।
আরেক অভিযোগকারী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুর রশীদ খান বলেন, ‘সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে ২০০৪ সালে আমার নামে একটি প্লট বরাদ্দ হলেও এখনো তা বুঝে পাইনি। এ নিয়ে কথা বলতে গেলে রাজউকের এক পরিচালক আমাকে বলেছিলেন, এটা পেতে ২০ বছর লাগবে। আরেক সদস্য বলেছিলেন, রাজউকের একটা নথি দেখতে ৬০ হাজার টাকা লাগে।’
এই অভিযোগের বিষয়ে রাজউকের সদস্য (এস্টেট) মো. আবদুল হাই বলেন, ‘ওই এলাকার প্লটগুলো এখনো বুঝিয়ে দেওয়ার উপযোগী হয়নি।’ এস্টেট শাখার পরিচালক আগামী ছয় মাসের মধ্যে প্লট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে আবদুর রশীদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্লট পাইতেই ২০ বছর। এরপর গ্যাস, বিদ্যুৎ আসতে আরও ২০ বছর লাগাবেন। আপনারা কী পেয়েছেন আমাদেরকে?’ এ প্রশ্নের জবাব পাননি সাবেক এই সরকারি কর্মকর্তা।
মিরপুরে নিজের জায়গা দখল করে আরেকজন ১০তলা বাড়ি তুলে ফেললেও রাজউক তা যথাসময়ে উচ্ছেদের জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন প্রবাসী গাজী মো. আবু তাহের। এ সময় রাজউকের মিরপুর জোনের অথরাইজড অফিসার তাঁকে আগামী এক মাসের মধ্যে এ সমস্যা সমাধানের আশ্বাস দিলে তিনি চিৎকার করে বলেন, ‘যে লোক আমার কাগজ ছুড়ে ফেলেছে, সে আমাকে এক মাসের সময় কীভাবে দেয়?’
ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নতুন করে বেঁধে দেওয়া সময় সম্পর্কে রাজউকের কর্মকর্তাদের উদ্দেশে সঞ্চালক আক্তার হোসেন ভূঁইয়া বলেন, কাজগুলো বেঁধে দেওয়া সময়ের মধ্যে হচ্ছে কি না, সে ব্যাপারে দুদকের পক্ষ থেকে নজর রাখা হবে।
রাজউক থেকে মাঝেমধ্যেই কীভাবে গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব হয়ে যায়, কিংবা এসব নথিপত্র হারিয়ে ফেলার দায় গ্রাহক কেন নেবেন—এমন প্রশ্নও করেন কয়েকজন ভুক্তভোগী।
শুনানিতে মঞ্চের বাঁ দিকে পালা করে কয়েকজন অভিযোগকারী এসে পর্যায়ক্রমে তাঁদের হয়রানির কথা বলেন। এ সময় দর্শকের সারি থেকেও রাজউকের কর্মকর্তাদের উদ্দেশে নানা মন্তব্য আসতে থাকে। যা থামাতে বেশ কয়েকবার মঞ্চের মাঝখানে বসা সঞ্চালককেও ভূমিকা রাখতে হয়। তাঁর ডান পাশেই বসেছিলেন রাজউকের কর্মকর্তারা। দর্শকদের প্রথম সারিতে ছিলেন রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া।
দুপুর ১২টায় শুনানি শুরুর আগে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পূর্তসচিব মঈনউদ্দীন আবদুল্লাহ, দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন, কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ প্রমুখ।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, অধিকাংশ মানুষের অভিযোগ রাজউকে সেবার চেয়ে হয়রানিই বেশি হয়। কিন্তু কেবল দোষারোপ করাই এই গণশুনানির উদ্দেশ্য নয়। বরং অভিযোগগুলো আমলে নিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা ও এ বিষয়ে রাজউকের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করাই এর উদ্দেশ্য।
মো. শহীদুল্লাহ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, বাড্ডা প্রকল্পে ক্ষতিগ্রস্ত মালিক হিসেবে তাঁর শ্বশুর ১৯৮৭ সালে আড়াই কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন। কিন্তু দুই যুগেরও বেশি পেরিয়ে গেলেও এখনো তা বুঝে পাননি। এর জবাবে উপপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতায় এমন আরও অনেকে প্লট পাননি। এই জটিলতা মিটলে তাঁদের প্লট দেওয়া সম্ভব হবে।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে জাপানের সাহায্য সংস্থা জাইকার সহযোগিতায় সরকারি সেবা দপ্তরগুলোর ওপর পর্যায়ক্রমে গণশুনানির আয়োজন করছে দুদক। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাঁদের অভিযোগ জানান। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন কিংবা সমাধানের প্রতিশ্রুতি দেন।