কড়া নিরাপত্তার মধ্যেও ছিনতাইকারীরা সক্রিয়, দুজন খুন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য চলছে। বিশ্বকাপ উদ্বোধনের আগের দিন বুধবার ভোরে সায়েদাবাদ ও গেন্ডারিয়ায় ছিনতাইকারীরা দুই ব্যক্তিকে খুন করেছে। নিহত ব্যক্তিরা হলেন কারখানার শ্রমিক মধু মিয়া (৩৫) ও কাঁচামাল ব্যবসায়ী চুন্নু মিয়া (৪৫)।পুলিশ সূত্র জানায়, গত বুধবার ভোর পাঁচটার দিকে সায়েদাবাদ ব্রিজের কাছে মধু মিয়ার পথ রোধ করে ছিনতাইকারীরা। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন মধু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত মধু মিয়ার শ্যালক মো. ফরহাদ জানান, মধু কদমতলীর বাসেত রি-রোলিং মিলের শ্রমিক। সাত দিনের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর থেকে বুধবার ভোরে ঢাকায় এসে পৌঁছেছিলেন। ছিনতাইকারীরা ছুরি মেরে মধু মিয়ার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাবু ও রাব্বি নামে দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী চুন্নু মিয়া যাত্রাবাড়ী থেকে ভ্যানে কাঁচামাল নিয়ে পুরান ঢাকার শ্যামবাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। গেন্ডারিয়ার এস কে দাস রোডে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মোবাইল ফোন নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় চুন্নু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।যোগাযোগ করা হলে গেন্ডারিয়া থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া গতকাল প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মামুন (২৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, ছিনতাইকারীর হাতে চুন্নু মিয়া মারা গেছেন।দুই সন্তানের জনক চুন্ন মিয়া সপরিবারে গেন্ডারিয়ার ৮১, আর এম দাস রোডে থাকতেন।