কড়া নিরাপত্তায় অন্য রকম বর্ষবরণ
কড়া নিরাপত্তার ভেতর দিয়ে গত সোমবার দিবাগত রাতে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নগরের কয়েকটি এলাকার বাসিন্দাদের সন্ধ্যা সাতটার আগে ঘরে ফেরার পুলিশি নির্দেশনার পর সোমবার রাতে রাজধানী অনেকটা ফাঁকা হয়ে পড়ে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলশান, বনানী ও বারিধারায় ঢোকার কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ জন্য ওই সব এলাকায় আসা-যাওয়া করা মানুষ দুর্ভোগে পড়ে। তারা এসব এলাকায় ঢোকা বা বের হওয়ার জন্য একের পর এক রাস্তা খুঁজতে থাকে। অভিজাত এলাকা ছাড়াও সন্ধ্যা সাতটার দিকে পুলিশ নগরের শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত মোড়, ঢাকা মেডিকেল কলেজের সামনে, গুলশান, বনানী ও বারিধারায় ঢোকার কয়েকটি সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালায়। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তার পরও বিশ্ববিদ্যালয়ে উৎসবের কমতি ছিল না।বর্ষবরণ উদ্যাপনে আসা তরুণ-তরুণীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পেরে ক্ষুব্ধ হন। তাঁরা দাবি করেন, এটা আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি। সোমবার রাতে নগরের রাস্তায় রাস্তায় পুলিশ-র্যা বের টহল ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পুলিশের ওয়ারী, রমনা, ধানমন্ডি, গুলশান, তেজগাঁও, উত্তরা ও মিরপুর অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত তৎপর ছিলেন। তৎপর ছিল পুলিশের ঘোড়সওয়ার দল ও ডগ স্কোয়াড। এ ছাড়া সড়কে সড়কে প্রস্তুত ছিল জলকামান। এসব দেখে নগরবাসীর অনেকের মনে ভীতির সঞ্চার হয়। ফলে তারা তড়িঘড়ি করে বাসায় ফেরে। একইভাবে অনেককে দোকানপাট বন্ধ করে ঘরে ফিরতে দেখা যায়। রাজধানীর পাঁচ তারকাসহ নামীদামি হোটেলগুলোতে বর্ষবরণের অনুষ্ঠানে ভাটা পড়ে। ব্যাপক আয়োজন থাকলেও হোটেলগুলোতে লোকসমাগম ছিল কম। রূপসী বাংলা হোটেলে দুটি ভেন্যুতে অনুষ্ঠান আয়োজন করা হলেও দর্শক কম হওয়ায় শেষ পর্যন্ত একটি অনুষ্ঠান করতে হয়েছে। এতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে। হোটেলের মার্কেটিং কমিউনিকেশন্স ম্যানেজার মো. সাহিদুস সাদিক জানান, গত সাত বছরে এই হোটেলে বর্ষবরণের অনুষ্ঠানে এত কম দর্শক-শ্রোতা তিনি দেখেননি। ভয়ে-আতঙ্কে অনেকে ঘর ছেড়ে বের হয়নি বলে মনে করেন তিনি। রাত সোয়া ১১টার দিকে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরে গুলশানে নিরাপত্তাব্যবস্থা দেখতে যান। তখন ডিএমপির কমিশনার সাংবাদিকদের বলেন, উৎসব শান্তিপূর্ণ করার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এটা দুর্ভোগ হিসেবে দেখা উচিত নয়।