কয়েকটি গণমাধ্যম বর্জনের আহ্বানে কিছু সাংবাদিকের উদ্বেগ
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে অনুষ্ঠিত মহাসমাবেশে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল বর্জনের আহ্বানে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন সাংবাদিক। গতকাল শনিবার যৌথ বিবৃতিতে তাঁরা এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে সাংবাদিকেরা তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। শাহবাগের মহাসমাবেশে আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম, ইসলামিক টেলিভিশন ও দিগন্ত টেলিভিশন বর্জনের আহ্বান জানানো হয়েছে। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে পত্রিকা পোড়ানো হচ্ছে। তাঁরা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন থেকে গণমাধ্যমবিরোধী তৎপরতা গণতান্ত্রিক সুষ্ঠু চর্চা ও বিকাশের অন্তরায়। বিবৃতি দিয়েছেন বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের (একাংশ) সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বিজ্ঞপ্তি।