বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুব আনামের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সম্পর্ক এবং নিম্বাসের সঙ্গে চুক্তির নামে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তদন্ত করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।গত বৃহস্পতিবার সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।খেলা সম্প্রচার সংস্থা নিম্বাসের কাছে বিসিবির পাওনা ১০০ কোটি টাকা আদায় না হওয়ার জন্য চুক্তির অস্পষ্টতাকে দায়ী করেছে কমিটি। আর এই অস্পষ্টতার জন্য হাওয়া ভবন ও কোকোর সম্পৃক্ততাকেই দায়ী করেছে তারা।বৈঠক শেষে জাহিদ আহসান রাসেল বলেন, নিম্বাসের কাছে বিসিবির যে ১০০ কোটি টাকা পাওনা রয়েছে, তা মূলত চুক্তির অস্পষ্টতার কারণেই আদায় হচ্ছে না। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সামশুল হক চৌধুরী, আমজাদ হোসেন, মাহাবুব আরা বেগম ও তালুকদার তৌহিদ জং মুরাদ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন বিল-২০১০ ও জাতীয় ক্রীড়া কাউন্সিল (সংশোধন) বিল-২০১০ পাসের সুপারিশ করা হয়।