খসড়া অনলাইন নীতিমালা সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অনলাইন নিউজপোর্টালের নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে খসড়া নীতিমালা সংসদীয় কমিটিতে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে অভিযোগ ওঠে, কমিউনিটি রেডিও তৃণমূলের মানুষের কাছে তথ্য সরবরাহের জন্য প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে এগুলো বাণিজ্যিক ভিত্তিতে কাজ করছে। কমিটি কমিউনিটি রেডিওর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে বলেছে।এ বিষয়ে কমিটির সদস্য শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, কমিউনিটি রেডিওর লাইসেন্স দেওয়া হয়েছে তৃণমূলের মানুষের সমস্যা-সংকট তুলে ধরার জন্য। কিন্তু বর্তমানে এগুলো এফএম রেডিওর মতো বাণিজ্যিক ভিত্তিতে চলছে। এভাবে চলতে দেওয়া যায় না।তথ্য মন্ত্রণালয়ের অধীন সব প্রচারমাধ্যম দেশের সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রেখে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করবে, সে বিষয়ে মন্ত্রণালয়কে সচেতন থাকার সুপারিশ করা হয়।এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, আনিসুল ইসলাম মণ্ডল ও শাহরিয়ার আলম অংশ নেন।