খসড়া নীতিমালাতেই আটকে আছে গৃহকর্মীদের সুরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিমার বয়স ছিল ১২ বছর। সে এক ব্যবসায়ীর বাসায় কাজ করত। গত আগস্টে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে হালিমার লাশ উদ্ধার করে। ছোট্ট শরীরটাতে ছিল অনেক আঘাতের চিহ্ন।রাজধানীতে এক উপসচিবের বাসায় অনাহার ও নির্যাতনে গত ১৪ জুলাই মারা যায় ১৩ বছরের গৃহকর্মী নূরজাহান। খুলনায় ১৩ বছরের সীমাকে গৃহকর্তা ও গৃহকর্ত্রী শুধু হত্যাই করেননি, দীর্ঘ নয় মাস ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন। তবে এ ধরনের ঘটনার খুব কম খবরই গণমাধ্যমে প্রকাশ পায়। বেশির ভাগ ঘটনাই গোপন থাকে। অথবা দরিদ্র মা-বাবার সঙ্গে গৃহকর্তা টাকার বিনিময়ে বা ভয় দেখিয়ে আপস করে ফেলেন।গৃহকর্মী হিসেবে হালিমা বা নূরজাহানদের সুরক্ষায় সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার একটি খসড়া করে রেখেছে। ২০০৯ সাল থেকেই সরকার খসড়াটি চূড়ান্ত করার ঘোষণা দিচ্ছে। তবে তা আজও চূড়ান্ত হয়নি।নিবন্ধনের কোনো ব্যবস্থা না থাকায় দেশে গৃহশ্রমিকদের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে জানা কঠিন।সরকারের খসড়া নীতিমালাতেই বলা হয়েছে, বর্তমানে ২০ লাখেরও বেশি শ্রমিক গৃহকর্মে নিয়োজিত। এদের বেশির ভাগই মেয়েশিশু।গত বছরের মে মাসে প্রকাশিত বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ঢাকা শহরের গৃহকর্মী শিশুদের পরিস্থিতি নিয়ে করা গবেষণা অনুযায়ী, নগরের মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে কর্মরত ৮৪৯ জন গৃহকর্মীর ১৭ শতাংশই যৌন নির্যাতনের শিকার। এর মধ্যে ৫২ শতাংশ প্রতিদিনই এ ধরনের নির্যাতন সহ্য করছে। গৃহকর্মী শিশুদের মাত্র দুই শতাংশ শিশু অধিকার শব্দটির সঙ্গে পরিচিত। এদের কাজ করতে হয় নয় থেকে ১০ ঘণ্টা।বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর নির্যাতনে ৫১ জন গৃহশ্রমিক নিহত ও ৩২ জন আহত হয়েছেন। গত মে মাস পর্যন্ত কমপক্ষে ১৪ জন গৃহশ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন।হাবিবা যে বাসায় কাজ করত, সে বাসার গৃহকর্ত্রী শারমিন আক্তার ও তাঁর স্বামী জাকির হোসাইন গ্রেপ্তার হন। পরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহায়তায় থানায় মামলা করা হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ সানজিদা খানম জাতীয় সংসদের একটি অধিবেশনে গৃহশ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন। জাতীয়ভিত্তিক শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ ২০০৬ সালের ডিসেম্বর থেকে গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার জন্য সরকারের সঙ্গে অ্যাডভোকেসিসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।খসড়া নীতিমালায় যা আছে: খসড়া নীতিমালা অনুযায়ী, গৃহকর্মীর প্রতি অশালীন আচরণ, দৈহিক আঘাত ও নির্যাতন করা যাবে না। নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে সরকারই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবে। গৃহকর্মীদের অবস্থা তদারকিতে পর্যবেক্ষণ সেল গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গৃহশ্রমিকের বয়স ১৪ বছরের কম হতে পারবে না। ১৪ থেকে ১৮ বছরের কম বয়সী শ্রমিকের ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে চুক্তিপত্রের ভিত্তিতে তাকে নিয়োগ দিতে হবে।চুক্তিপত্রে মজুরি, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সপ্তাহে এক দিন ছুটির ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং মাতৃত্বকালীনসহ বিভিন্ন ছুটির বিধান রাখা হয়েছে খসড়ায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, নীতিমালা চূড়ান্ত করার বিষয়টি সরকারের ইতিবাচক বিবেচনায় আছে।