খাওয়ার পানি তৈরির কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা
অবৈধভাবে খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে একটি কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গতকাল বুধবার আদালতের এ কার্যক্রম পরিচালনা করে।বিএসটিআই সূত্র জানায়, গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর তুরাগ এলাকার বাদালদিতে ‘পানি পিওর ড্রিংকিং ওয়াটার’-এর কার্যালয়ে অভিযান চালায়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পানি উৎপাদন করা হচ্ছিল। আদালত ওই কারখানার অন্যতম মালিক মাইনুদ্দিন হোসেন মামুনকে এক বছর তিন মাসের কারাদণ্ড এবং আড়াই লাখ টাকা জরিমানা করেন। কারখানার ব্যবস্থাপক রুবেল এনামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই কারখানার সব যন্ত্রপাতি ও পরিবহনের গাড়ি বাজেয়াপ্ত করা হয়।বিএসটিআই সূত্র জানায়, গত এপ্রিল মাসে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানাকে একই অপরাধে সিলগালা করে উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ।