খাদ্য ও বেলুন তৈরির কারখানায় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া নিম্নমানের খাদ্য ও বেলুন তৈরি করায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে তিন লাখ টাকা জরিমানা করেছেন।গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার হাটখোলা রোডে খাদ্য তৈরির প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ফুডে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ফুডকিং চানাচুর, ফুডকিং ডালভাজা, ফুডকিং হট সস, ফুডকিং ম্যাঙ্গো জুস, ফুডকিং নুডল্স ও ফুডকিং ললিপপ তৈরি হচ্ছিল। নিম্নমানের এসব খাদ্যদ্রব্যে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন (লোগো) ব্যবহার করা হচ্ছিল।প্রতিষ্ঠানের মালিক আবদুল জলিল পাটোয়ারী বাইরে থাকায় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শংকর সরকার ও হিসাবরক্ষণ কর্মকর্তা অভিজিত্ দেকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে বিএসটিআইয়ের মহাপরিচালকের হেফাজতে দেন। জরিমানার টাকা তাত্ক্ষণিকভাবে দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের সূত্রাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অবৈধভাবে লোগো ব্যবহার করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন অভিযানে নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিল বিএসটিআই, র‌্যাব-১০ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।পরে একই আদালত মহাখালীর ওয়্যারলেস গেট-সংলগ্ন অলিম্পিয়া রাবার ইন্ডাস্ট্রিজ নামের একটি বেলুন তৈরির কারখানায় অভিযান চালান। এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং এসিডের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বেলুন তৈরি ও বাজারজাত করা হয়। ওই কারখানায় একটি প্লাস্টিকের ছোট ড্রামে এসিড দেখতে পান আদালত।আদালত কারখানার মালিক ফুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অনুমোদনবিহীন বেলুন তৈরির কারখানাগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে আদালত জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, বেলুন তৈরিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতে হয়। এ ছাড়া বেলুন তৈরির কারখানায় ক্ষতিকর ও দাহ্য পদার্থ ব্যবহার করার কারণে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।