খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার সমাধানে বিভিন্ন দেশের সরকার, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একযোগে কাজ করতে হবে। সেই সঙ্গে নিয়মিত তথ্য ও তত্ত্বের পারস্পরিক আদান-প্রদানের সুযোগ তৈরি করতে হবে।গতকাল রোববার ‘খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ অণুজীববিজ্ঞান: উন্নয়নশীল দেশসমূহের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের বক্তারা এসব কথা বলেন। গতকাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট ও বাংলাদেশ-জাপান অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত, মালয়েশিয়াসহ ১০টি দেশের তিন শতাধিক বিজ্ঞানী অংশ নিচ্ছেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির বিজ্ঞানী শাহ এম ফারুক, ইউনিভার্সিটি অব টোকিওর বিজ্ঞানী হিদেকি কারাকি এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মোর্শেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস তাকাশি উমেরা প্রমুখ।