সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার নিয়ে গণশুনানিতে বক্তারা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত আইন করতে হবে
খাদ্য অধিকার নিয়ে আয়োজিত গণশুনানিতে বক্তারা বলেছেন, খাদ্য অধিকার বাস্তবায়নে কোনো আইনি কাঠামো না থাকায় মানুষের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচিত খাদ্য অধিকারবিষয়ক সমন্বিত আইন কার্যকর করা।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার এই গণশুনানি হয়। এর উদ্দেশ্য হলো, বাংলাদেশে খাদ্য অধিকার-সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা এবং খাদ্য অধিকারের আইনি স্বীকৃতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম যৌথভাবে এই গণশুনানির আয়োজন করে। বক্তারা বলেন, খাদ্য অধিকারকে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করলেও মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে শ্রেণিবৈষম্য এখনো আছে। কিন্তু মানুষ খেয়ে-পরে আগের চেয়েও ভালো অবস্থানে আছে।’ তিনি বলেন, সামাজিক নিরাপত্তাবলয় সৃষ্টি করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
খাদ্য অধিকার কোনো দান বা অনুগ্রহের বিষয় নয় উল্লেখ করে এই পর্বে সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাংলাদেশে দারিদ্র্য কমেছে, কিন্তু ক্ষুধা সে অর্থে কমেনি। তিনি বলেন, ‘কৃষকেরা ১০ টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলতে পারলেও ঋণ পাচ্ছেন না। এ দেশকে দরিদ্ররা সব দিয়েছে আর ধনীরা শুধু লুটেছে। তাই দরিদ্র মানুষদের ওপর আস্থা রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’
এর আগে উদ্বোধনী পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে আসা ব্যক্তিদের মধ্যে ছয়জন শুনানিতে অংশ নেন। তাঁদের মধ্যে মেহেরপুরের ইসমোতারা বেগম সরকারের ভিজিডি কার্ড সম্পর্কে বলেন, ‘যাঁদের কার্ড পাওয়ার কথা না তাঁরা পাচ্ছে, অথচ আমরা দরিদ্ররা পাই না।’ বগুড়ার মোছলেমা বেগম বলেন, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। অপর চারজন হলেন বরগুনার আবদুস ছালাম, গাইবান্ধার জয়গুন বেগম, শেরপুরের নিপা রানী কোচ ও কুড়িগ্রামের জব্বার হোসেন।
এই পর্বে বিশেষ অতিথি ছিলেন কাজী খলিকুজ্জামান আহামদ। আয়োজকেরা জানান, গণশুনানির একটি ঘোষণাপত্র তৈরি করে তা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।