খাদ্যনিরাপত্তা-সংশ্লিষ্ট ১৮ প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর মিলিয়ে প্রায় ১৮টি প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে আনার দাবি উঠেছে।প্রথম আলোর বদলে যাও, বদলে দাও মিছিল ও দেশ টিভির যৌথ আয়োজনে নির্মিত ‘রাসায়নিক ও ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকেরা এ দাবি জানান। অনুষ্ঠানটি গতকাল বুধবার রাত নয়টা ৪৫ মিনিটে দেশ টিভিতে সম্প্রচারিত হয়।১৮টি প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনার দাবির জবাবে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, এটা এখন করা সম্ভব নয়। মন্ত্রী দিনাজপুরে বিষাক্ত কীটনাশকমিশ্রিত লিচু খেয়ে ১৪টি শিশুমৃত্যুর বিষয়ে বলেন, ‘এটা অসচেতনতা। তারা না বুঝেই এটা করেছে।’ অনুষ্ঠানে দেশে উৎপাদিত বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার ও বিদেশ থেকে আমদানি করা খাদ্যপণ্যের রাসায়নিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি-সহায়তা বাংলাদেশে নেই—এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর সমাধান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন আ ব ম ফারুক বলেন, দেশে ওষুধে ভেজাল পরীক্ষা করার জন্য সম্প্রতি যে ড্রাগ ল্যাবরেটরি তৈরি হয়েছে, সেই ল্যাবরেটরিতেই সব রাসায়নিক মিশ্রণ পরীক্ষা করা সম্ভব। সরকারের নতুন করে কোনো অর্থ ব্যয় করতে হবে না। শুধু এর সঙ্গে খাদ্যকে একত্র করে সিদ্ধান্ত দিলেই এটা সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ একত্রেই কাজ করে, কোথাও আলাদা নেই।অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট আল-আমীন (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, দোহার) বলেন, খাদ্যে ফরমালিন, কার্বাইড, হাইড্রোজ ও ইথানল-জাতীয় রাসায়নিক দ্রব্য বিক্রয়, মজুদ, সংরক্ষণ, বিতরণ অবশ্যই লাইসেন্সের আওতায় ও কঠোর নজরদারিতে আনতে হবে, যেটা এসিডের ক্ষেত্রে হয়েছে।কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রেসিডেন্ট কাজী ফারুক বলেন, ভোক্তা অধিকার আইনটি দেশের মানুষ জানে না। তিনি বলেন, যদি কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত বা প্রতারণার শিকার হন, তবে তিনি ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ করতে পারেন। অভিযোগ আমলযোগ্য হলে অধিদপ্তর নিজ উদ্যোগেই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে। ভোক্তার নিজ উদ্যোগে মামলা করার সুযোগ নেই।বিএসআরএমের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিথিলা ফারজানা।