খাদ্যনিরাপত্তায় নতুন আইন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দেশের দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে একটি আইন করতে হবে। ওই আইনের মাধ্যমে দরিদ্রদের ন্যূনতম খাদ্যের চাহিদা পূরণে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা: খাদ্য অধিকার প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। খাদ্য অধিকারবিষয়ক বিভিন্ন বেসরকারি সংস্থার জোট খাদ্য অধিকার বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা অক্সফামের গ্রো ক্যাম্পেইনের উদ্যোগে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

সভায় সম্মানিত অতিথির বক্তৃতায় অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের হতদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে ২ কোটি ২০ লাখে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত দরিদ্র থাকবে না এমন একটি দেশ।’ ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ২০১৩ সালে ভারতে খাদ্য অধিকার বিষয়ে একটি আইন হয়েছে। বাংলাদেশেও এ ধরনের একটি আইন করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মহসিন আলী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, দেশে চার-পাঁচ বছর ধরে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা একই, অর্থাৎ চার কোটিতেই আছে। তাই এসডিজি ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষুধা ও দারিদ্র্যবিমোচনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ বলেন, খাদ্যনিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য দেশে যথেষ্ট আইন আছে।  নতুন আইনের দরকার নেই। দরকার আইনের প্রয়োগ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জলবায়ু বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশীদ দেশের খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, ‘নতুন আইন করা একটি প্রগতিশীল চিন্তা। কিন্তু ওই আইন বাস্তবায়নের জন্য আমাদের সমাজ প্রস্তুত কি না, সেটাও ভেবে দেখতে হবে।’ বেসরকারি সংস্থা স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার খাদ্যনিরাপত্তায় বাজারের ভূমিকা কমিয়ে রাষ্ট্রকে বেশি দায়িত্ব নেওয়ার দাবি জানান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা সব সময় মানুষের আয়কে ধরে দারিদ্র্য পরিমাপ করি। কিন্তু এর বাইরেও দারিদ্র্যের বহুমাত্রা আছে। ইউএনডিপির হিসাব অনুযায়ী, দেশে বহুমাত্রিক দারিদ্র্য ২১ শতাংশ এবং অন্য আরও কয়েকটি সংস্থার হিসাবমতে ২২ শতাংশ। আমাদের এই বহুমাত্রিক দারিদ্র্য কমানোর জন্য কাজ করে যেতে হবে।’

খাদ্য অধিকার বাংলাদেশের সদস্য মনীষা বিশ্বাসের সঞ্চালনায় সভায় দেশের বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গবেষকেরা উপস্থিত ছিলেন।