খাদ্যপণ্যের দাম স্থিতিশীল না হলে বিপর্যয় ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখার জন্য করণীয় সব কিছুই করতে হবে। অন্যথায় বিপর্যয় ঠেকানো যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ ও ভোক্তা প্রতিনিধিরা এ কথা বলেছেন।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নামে একটি সংগঠন ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ এবং তা নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে অংশগ্রহণকারীদের কয়েকজন বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম যে হারে বেড়েছে, বাংলাদেশে বেড়েছে তারচেয়ে বেশি। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেলের যে দাম নির্ধারণ করেছে, সে দামে তেল বিক্রি হয়নি।প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তেল ও বিদ্যুতের দাম বাড়া এর একটি কারণ। অনেক ক্ষেত্রে সিন্ডিকেটও এর জন্য দায়ী। এই সিন্ডিকেট ক্ষেত্রবিশেষে দলনিরপেক্ষ। সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার কাজটি অগ্রাধিকারভিত্তিতে করতে হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অর্থনীতিবিদ এম এম আকাশ কয়েকটি প্রস্তাব করেন । তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ —টিসিবিকে কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী টিসিবি কার্যকর করার ঘোষণা দিলেও আজও তা কার্যকর হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি আবুল কাশেম মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রিয়ব্রত পাল ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রমুখ এ সময় বক্তব্য দেন।