খাদ্যসচিব ও অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব
খাদ্যসচিব বরুণ দেব মিত্র ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খানকে ২৬ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানিকালে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে নীলফামারীর সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (বর্তমানে নেত্রকোনায় কর্মরত) মো. নুর ইসলামকে ২০০৪ সালের ১০ নভেম্বর সরকার ২৩ লাখ ৮৬ হাজার ৭৯৬ টাকা ২৯ পয়সা জরিমানা এবং তাঁর দুই বছরের বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধাদি বন্ধ রাখার আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করলে ২০০৯ সালের ২৯ জুন আদেশটি অবৈধ ঘোষণা ও তাঁকে স্বপদে বহালসহ আইনানুযায়ী সুবিধাদি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকার এ আদেশের বিরুদ্ধে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আবেদন করে। আপিল ট্রাইব্যুনাল গত বছরের ১০ অক্টোবর প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে গত ৯ জানুয়ারি সরকার আপিল বিভাগে আবেদন করে। তা বিচারাধীন। প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে নুর ইসলাম হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন। গতকাল রুল শুনানির জন্য ছিল। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, সরকার প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে উদ্যোগ না নেওয়ায় আদালত অবমাননার আবেদন করা হয়। ওই দুজন রুলের জবাব দেননি। শুনানির একপর্যায়ে আদালত এ বিষয়ে ব্যাখ্যা জানাতে খাদ্যসচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে ২৬ এপ্রিল হাজির হতে নির্দেশ দিয়েছেন।