খাদ্যে রাসায়নিক দূষণের প্রভাব সুদূরপ্রসারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যের চাহিদা মেটাতে মানুষ জমিতে ব্যবহার করছে রাসায়নিক পদার্থ। খাদ্য টাটকা রাখতেও রাসায়নিকের ব্যবহার ব্যাপক। এর বিরূপ প্রতিক্রিয়া সুদূরপ্রসারী এবং তা মানুষ ও পরিবেশ উভয়ের ক্ষেত্রেই।খাদ্য, কৃষিজাত পণ্য ও পরিবেশে রাসায়নিক দূষণ নিয়ে গতকাল মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এক সেমিনারে এসব কথা বলা হয়েছে।‘উন্নত জীবনের জন্য নিরাপদ খাদ্য ও পরিচ্ছন্ন পরিবেশ’ স্লোগান উপজীব্য করে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এই সেমিনারের আয়োজন করেছে।দুই দিনের এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশ-বিদেশের দেড় শতাধিক রসায়নবিদ অংশ নেন। সেমিনারে মোট ৩৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।এতে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারপারসন নিশাত আহমেদ পাশা। প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি খাদ্য, কৃষিজাতপণ্য ও পরিবেশকে রাসায়নিক দূষণ থেকে মুক্ত রাখতে নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব শ্রেণীর মানুষকে আহ্বান জানান।অনুষ্ঠানে উপসালা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের পরিচালক পিটার সানদিন, ভিরগো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম, নীলুফার নাহার প্রমুখ বক্তব্য রাখেন।