খানাখন্দে ভরা ইসলামপুর সড়ক, বেড়েছে যানজট
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পুরান ঢাকার ব্যস্ততম ইসলামপুর সড়কটি খানাখন্দে ভরে গেছে। ফলে বেড়েছে যানজট। এ অবস্থায় ইসলামপুর সড়ক ব্যবহারকারী ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের বাবুবাজার বাহার শাহ মাজার থেকে শুরু করে বাবুবাজার পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকার পিচ উঠে গেছে। ফলে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইসলামপুর সড়কের হূদয় কনফেকশনারির শফিকুল ইসলাম অভিযোগ করেন, পাঁচ-ছয় বছর ধরে এই সড়কে কোনো ধরনের সংস্কারকাজ করা হয়নি। তাই সামান্য বৃষ্টি হলেই চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এ ছাড়া ফুটপাত দখল করে হকাররা মালপত্র রাখায় সেদিক দিয়ে চলারও উপায় নেই। মাঝেমধ্যে পুলিশ এসে হকারদের তুলে দিলেও কয়েক দিন পর আবার আগের অবস্থা হয়ে যায়। একই সড়কে ব্যবসায়ী আবু বক্কর জানান, প্রায় আট মাস আগে পয়োনিষ্কাশন লাইনে কাজ করতে গিয়ে সড়কটি খোঁড়া হয়। এর আগে গ্যাস সরবরাহের পাইপলাইনের জন্য একবার খোঁড়া হয়। কিন্তু পরে আর মেরামত করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই এই সড়কে কাদা জমে যায়। তখন যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। সৃষ্টি হয় ভয়াবহ যানজট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ওষুধ ব্যবসায়ী জানান, ইসলামপুর সড়ক পুরান ঢাকার ব্যস্ততম সড়কগুলোর একটি। এই সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবোঝাই ভ্যান, কাভার্ড ভ্যান, ট্রাক ও ট্রলি চলাচল করে। তাই সড়কটির সংস্কার করা জরুরি। তিনি অভিযোগ করেন, এমনিতেই সড়কের অবস্থা খারাপ, তার ওপর মালামাল নামানোর পরও কিছু দোকানের সামনে কাভার্ড ভ্যান দিয়ে সড়ক দখল করে রাখা হয়। এ কারণে সার্বক্ষণিক যানজট লেগে থাকে। এ ছাড়া একটি ওষুধ মার্কেটের সামনে ভাঙা ইট-সুরকিও স্তূপাকারে রাখা হয়েছে। বৃষ্টি হলে এসব ময়লা আর সড়কের কাদা একাকার হয়ে যায়। এতে এই সড়ক ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েন। ইছামতী ঔষধালয়ের মালিক মহিউদ্দিন জানান, আশপাশের বাসিন্দারা তাদের বাড়িঘরের ভাঙা পলেস্তারা রাস্তার ওপর ফেলে যায়। এসব পলেস্তারা বৃষ্টি হলে কাদা আর বৃষ্টি না হলে ধুলার সৃষ্টি হয়। যানবাহনের চাকায় এসব উড়তে থাকে। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা কঠিন হয়ে পড়ে। মহিউদ্দিন অভিযোগ করেন, ‘সড়কটি গত পাঁচ বছরে কেউ পরিষ্কার করেছে বলে আমার জানা নেই।’ বাবুবাজারের স্থানীয় একজন বাসিন্দা জানান, বৃষ্টি হলে মুসল্লিরা পায়ে হেঁটে মসজিদে যেতে পারেন না। প্রায়ই যানবাহনের চাকায় কাদা ছিটকে তাঁদের জামা নোংরা হয়ে যায়। তিনি অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। এ সড়ক ছাড়াও আরমানিটোলা মাঠের দক্ষিণ-পশ্চিম পাশের সড়ক, মিটফোর্ড সড়কের কিছু অংশে খানাখন্দ রয়েছে। জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিকা সরকার প্রথম আলোকে বলেন, চলতি মাসের শেষের দিকে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দরপত্র চূড়ান্ত হয়েছে। সারিকা সরকার বলেন, ‘কয়েক বছর আগে এই সড়কটি সংস্কার করা হয়েছে।’