খানাখন্দে ভরা পুরান ঢাকার সড়ক, চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরে গেছে পুরান ঢাকার তিনটি অন্যতম প্রধান সড়ক। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে পুরো রাস্তা সয়লাব। তখন যাতায়াতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।নয়াবাজার দ্বিতীয় সেতুর প্রান্ত থেকে বাবুবাজার নদীর ঘাট পর্যন্ত উভয় পাশের সড়ক, আরমানিটোলা মাঠের চারপাশের সড়ক এবং চানখাঁরপুল (নবাব কাটারা) মাজেদ সরদার নতুন সড়কটি সাতরওজা পর্যন্ত খানাখন্দে ভরে গেছে। এতে মালবাহী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ধীরগতিতে চলতে গিয়ে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হচ্ছে। রিকশা, ভ্যান, ট্রলি, ঠেলাসহ বিভিন্ন অযান্ত্রিক যানবাহন চলাচল কষ্টসাধ্য ও জনদুর্ভোগ মাত্রাছাড়া হয়ে উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উভয় পাশের রাস্তার আংশিক মেরামত করা হয়। এখানে প্রতিবছর কোরবানির অস্থায়ী পশুর হাট বসে। খুঁটি পোঁতার জন্য সড়কের মধ্যে ও আশপাশে গর্ত খোঁড়া হয়। পরে ভারী যানবাহন চলাচলের ফলে গর্তগুলো গভীর খাদে পরিণত হয়।স্থানীয় বাসিন্দারা জানান, নয়াবাজার-বাবুবাজার ও আরমানিটোলা মাঠের চারপাশে প্রতিবছর পশুর হাট থেকে ঢাকা সিটি করপোরেশন কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে। অথচ রাস্তাটি তিন-চার বছরেও মেরামত করা হচ্ছে না।আরমানিটোলা মাঠের চারপাশের সড়কটিও দীর্ঘদিন মেরামত হয়নি। সেখানে প্রতিবছর পশুর হাটে খুঁটি পোঁতার জন্য মাটি খোঁড়া হয়। এতে রাস্তাটির খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঠের চারদিকে গড়ে উঠেছে একটি অবৈধ ট্রাক ও পিকআপ স্ট্যান্ড। রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করা এবং পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের কারণে বড় বড় গর্ত হয়েছে। এখন ছোট হালকা যানবাহনও চলাচল বিঘ্নিত হচ্ছে।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন সরদার জানান, বাবুবাজার নদীর ঘাট থেকে সেতুর উভয় পাশের সড়ক এবং আরমানিটোলা মাঠের চারপাশে রাস্তাটি খানাখন্দে ভরে রয়েছে। মাঠের চারপাশে বেশকিছু ট্রাকস্ট্যান্ড ও তাদের কার্যালয় রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ইসলামপুর, বাবুবাজার, মিটফোর্ড, মৌলভীবাজার, ইমামগঞ্জসহ আশপাশের পাইকারি বাজারে মালামাল আনা-নেওয়া চলে। ভাঙাচোরা রাস্তা দিয়ে মালবাহী অযান্ত্রিক যানে মালামাল আনা-নেওয়ায় ভীষণ ভোগান্তি পোহাতে হয়।মিটফোর্ড এলাকার একজন বাসিন্দা জানান, সামান্য বৃষ্টি হলে বাবুবাজার মাজারের পশ্চিম পাশের সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। গর্তে চাকা পড়ে প্রায়ই রিকশা, ভ্যান, ট্রলিসহ ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। গর্তগুলোতে মাঝেমধ্যে কিছু খোয়া দেওয়া হলেও সেগুলো কোনো কাজে আসছে না।মাজেদ সরদার নতুন সড়ক (নবাব কাটারা) দিয়ে সড়কটি সাতরওজা পর্যন্ত চলে এসেছে। সড়কটি দু-তিন বছর আগে ভূ-গর্ভস্থ লাইনের কাজের জন্য মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হলেও সেটি আর মেরামত করা হয়নি।মাজেদ সরদার রোডের পথচারী বাচ্চু মিয়া জানান, প্রায় তিন বছর আগে সড়কটি কাটা হয়েছিল। এরপর আর মেরামত করা হয়নি। সামান্য বৃষ্টিতেই পথ কাদায় সয়লাব হয়ে পড়ে। প্রায়ই রিকশা খাদে পড়ে উল্টে যায়।ঢাকা সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া আলীম প্রথম আলোকে জানান, ভাঙাচোরা রাস্তা মেরামত নিয়ে সিটি করপোরেশনে কয়েকবার লিখিতভাবে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে তিনি মেয়রের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু তাতেও সমস্যা সমাধান না হওয়ায় তিনি হাল ছেড়ে দিয়েছেন বলে জানান।