খানাখন্দে ভরা সড়ক, মাদক বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে ওয়ার্ডের চালচিত্র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর ওয়ার্ডের অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। অনেক ফার্মেসিতে বিক্রি হচ্ছে মাদক৷ কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশন নির্বাচনের দেড় বছর পরও এলাকার অধিকাংশ সড়ক সংস্কার করা হয়নি। সড়কের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করেন না পরিচ্ছন্নতাকর্মীরা। মশার উপদ্রব, বৃষ্টি হলেই জলাবদ্ধতা, খুঁটির অভাবে বিদ্যুৎ-সংযোগ না থাকা, বিশুদ্ধ পানি, বাড়িতে গ্যাসের সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান, উত্তর গোড়ান, পূর্ব গোড়ান, নবাবি মোড়, দক্ষিণ বনশ্রী, হাওয়াই গলি, সিদ্দিক বাজার, শান্তিপুর, এ ব্লক, কে ব্লক, আদর্শবাগ, ৮, ১০ ও ৩১ নম্বর রোড নিয়ে ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে ভোটার প্রায় ৭০ হাজার। বাসিন্দার সংখ্যা প্রায় আট লাখ।

২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএসসিসির নির্বাচনের আগে গোড়ানের সব সড়ক সংস্কার, চান্দার ঝিলের ওপর একটি সেতু নির্মাণ, একটি কমিউনিটি সেন্টার ও ব্যায়ামাগার নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, বিনা মূল্যে ওয়াই-ফাই সংযোগের প্রতিশ্রুতি দেন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান। নির্বাচিত হয়ে দেড় বছর পর শুধু ২০০টি সিসি ক্যামেরা এবং ৩০টি স্থানে বিনা মূল্যে ওয়াই-ফাই সংযোগ দিতে সক্ষম হয়েছেন। বাকি প্রতিশ্রুতির অধিকাংশের কাজই শুরু হয়নি। তবে এসব প্রতিশ্রুতির বাইরে ওয়ার্ডের প্রায় অর্ধেক এলাকায় এলইডি বাতি ও একটি ডোবা ভরাট করে খেলার মাঠ করেছেন আনিসুর।

গতকাল সোমবার এলাকাগুলো ঘুরে দেখা যায়, ওই এলাকাগুলোর বেশির ভাগ সড়কই ভাঙাচোরা। গর্তে ভরা। ছাপরা মসজিদ, ৩১ নম্বর রোড, আদর্শ স্কুল, গোড়ান টেম্পোস্ট্যান্ড, হাওয়াই গলিতে ধুলাবালু স্তূপ হয়ে রয়েছে। নাক-মুখ ঢেকে চলাচল করছেন পথচারীরা। সড়কের দুই পাশের বাসাবাড়ির দরজা-জানালায় ধুলাবালুর পুরু আবরণ জমেছে। সব সড়কেই চিপসের প্যাকেট, পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। অথচ সড়কের বিভিন্ন স্থানে বসানো ময়লা রাখার পাত্রগুলো (ওয়েস্ট বিন) খালি পড়ে রয়েছে।

দক্ষিণ গোড়ানের হাওয়াই গলির ৫১ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় প্রায় সব সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে মহল্লার সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ প্রায় এক যুগ ধরে হাওয়াই গলি থেকে ছায়াবীথি পর্যন্ত চান্দার ঝিলের ওপর ২০০ ফুটের একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন গোড়ানের বাসিন্দারা। হাওয়াই গলির বাসিন্দা শামিম খান বলেন, বর্তমানে তাঁর এলাকা থেকে কেউ সায়েদাবাদ যেতে চাইলে খিলগাঁও রেলফটক এলাকা ঘুরে যেতে হয়। এতে অনেক সময় ও টাকা অপচয় হয়। অথচ এই সেতুটি নির্মাণ করা হলে অর্ধেক সময়ে সায়েদাবাদ যাওয়া সম্ভব হবে।

গোড়ান ১০ নম্বর রোডের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, বৃষ্টি হলেই ১০ নম্বর রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতে সারা বছর নালার পানি উপচে সড়কে পড়ে। নালার এই নোংরা পানি থেকেই প্রচুর মশা জন্মায়। ডিএসসিসি থেকে এই এলাকায় মশার ওষুধ নিয়মিত দেওয়া হয় না। গতকাল এই নালার পানি সড়ক ছুঁইছুঁই অবস্থায় দেখা গেছে।

গত ৯ অক্টোবর দক্ষিণ গোড়ানে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ওই অনুষ্ঠানে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর থেকে ২ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ঘোষণা দেন তিনি। কিন্তু এখনো এই এলাকার অধিকাংশ ফার্মেসি ও অলিগলিতে মাদক বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে।

সিদ্দিক বাজারের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, মেয়র ঘোষণা দেওয়ার পরও কোনো ফার্মেসিতে অভিযান চালায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ বর্তমানে আগের মতোই ফার্মেসিগুলোতে মাদক বিক্রি হচ্ছে। স্থানীয় অনেক মাদক ব্যবসায়ী সন্ধ্যার পরই গলির সড়কগুলোতে মাদক বিক্রি করেন। মাদকসেবীদের দলে মহল্লার তরুণেরাও রয়েছেন৷

আনিসুর রহমান
আনিসুর রহমান

‘সব ফুটপাত দখলমুক্ত করা হবে’
কাউন্সিলর আনিসুর রহমান গতকাল তাঁর এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। সড়কের খানাখন্দ ও ফুটপাত দখলের বিষয়ে তিনি বলেন, গত কয়েক মাসে ২ নম্বর ওয়ার্ডে ১০ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। শিগগিরই আরও ২২ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। ইতিমধ্যে দরপত্র চূড়ান্ত হয়েছে। সব ফুটপাত দখলমুক্ত করা হবে৷
চান্দার ঝিলের ওপর সেতু নির্মাণের বিষয়ে কাউন্সিলর বলেন, এক কোটি টাকা ব্যয়ে এই ঝিলের ওপর ৩০ ফুট প্রস্থের একটি সেতু নির্মাণ করা হবে৷ এর দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। সেতুটি নির্মিত হলে সহজেই সায়েদাবাদ যাতায়াত করা যাবে। 

ফার্মেসিতে মাদক বিক্রির বিষয়ে কাউন্সিলর বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য নিজ উদ্যোগে প্রায় ২০০টি সিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা দিয়ে ২ নম্বর ওয়ার্ডের ৮০ শতাংশ এলাকা পর্যবেক্ষণ করা যায়। ফলে কাউকে মাদক সেবন বা বিক্রি করতে দেখলে তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়। বর্তমানে তাঁর এলাকায় মাদক বিক্রি নেই বললেই চলে।

বিশুদ্ধ পানির সরবরাহের বিষয়ে আনিসুর রহমান বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ বনশ্রী, দক্ষিণ গোড়ান ও পূর্ব গোড়ানে বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করছে ঢাকা ওয়াসা৷ এই পানি কোনো রকমের পরিশোধন ছাড়াই মানুষ পান করতে পারবে