খাবারে ভর্তুকির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে ভর্তুকি দেওয়া ও মানসম্মত খাবার সরবরাহ করাসহ পাঁচ দফা দাবিতে ক্যানটিন অবরোধ এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের নিচতলার একমাত্র ক্যানটিনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের নেতৃত্বে দুপুর ১২টার দিকে ক্যানটিনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ক্যানটিনের দরজা-জানালা বন্ধ করে বিক্ষোভ করেন তাঁরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহাসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাঁদের স্থান ত্যাগ করতে বলেন। কিন্তু তাঁরা তা না করায় প্রশাসনের এক কর্মকর্তা শিক্ষার্থীদের ব্যানার নিয়ে টানাহেঁচড়া করেন। পরে প্রশাসন শিক্ষার্থীদের হটাতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা এসে একইভাবে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বাগিবতণ্ডা হয়। প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালন শেষে বেলা একটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ বলেন, ক্যানটিনে ভর্তুকি দেওয়ার বিষয়ে প্রশাসনের সঙ্গে গতকাল তাঁদের বৈঠক করার কথা ছিল। কিন্তু প্রশাসন তা না করায় ক্যানটিন অবরোধ করেন তাঁরা। একই সঙ্গে আগামী রোববারের মধ্যে প্রশাসন দাবি না মানলে সোমবার থেকে লাগাতার ক্যানটিন অবরোধসহ নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের কোনো কর্মী বাধা দেয়নি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ক্যানটিনে ভর্তুকি দেওয়ার বিষয়ে আগামী রোববার উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ও ক্যানটিন পরিচালকসহ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করা হবে।গত ৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে গত সোমবার ও গতকাল ক্যানটিনে ভর্তুকি দেওয়াসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনা করা, সকালের নাশতার দাম ১০ টাকা, দুপুরের খাবারের দাম ২০ টাকা করা ও ক্যানটিন ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।