খামারবাড়িতে পশুসম্পদ কর্মকর্তাদের হাতাহাতি আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটের পশুসম্পদ ভবনে পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে মহাপরিচালকসহ তিনজন আহত হন। ঘটনার জন্য বিসিএস লাইভস্টক অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক নির্বাচনে জয়ী ও পরাজিতরা পরস্পরকে দায়ী করেছেন। বিসিএস লাইভস্টক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম ও মহাসচিব সরদার আবুল বাশার এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে তাঁরা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের কক্ষে যান। এ সময় তাঁরা কর্মকর্তাদের সিলেকশন গ্রেড, পদোন্নতি, শূন্যপদ পূরণসহ নানান বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মহাপরিচালককে অনুরোধ জানান। কিন্তু মহাপরিচালক এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবাইকে গালাগালি শুরু করেন। এর পরই মহাপরিচালকের অনুসারী এবং নির্বাচনে পরাজিত মোতাহার হোসেন, আনিসুর রহমান, আজিজুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন কর্মকর্তা এবং বাহিরাগত সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। তেজগাঁও থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জানতে মহাপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শহীদুল ইসলাম, এমরান খান, আবদুল কুদ্দুস, আশরাফ আলীসহ কয়েকজন কর্মকর্তা বিকেলে তাঁর কক্ষে আসেন। তাঁরা দুর্নীতির অভিযোগে পদোন্নতি হয়নি—এমন কয়েকজন কর্মকর্তাদের বিষয়ে কথা বলেন। এ সময় তাঁদের কাছে লিখিতভাবে এ বিষয়ের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। মহাপরিচালক বলেন, ‘এ ঘটনার পর হঠাত্ করেই তাঁরা হামলা চালিয়ে আমাকে আহত করে এবং কক্ষ ভাঙচুর শুরু করে। আমি এ ব্যাপারে থানায় একটি জিডি করেছি।’তবে শহীদুল ইসলামএ অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বলেন, নির্বাচনে পরাজিত মহাপরিচালকের অনুসারীরা এ হামলা চালিয়েছে। তাঁরাই কক্ষ ভাঙচুর করে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। গত ৯ জানুয়ারি অ্যাসো-সিয়েশনের নির্বাচন হয়।