খারাপ ব্যবহারের অভিযোগে চাকরির নিয়োগ স্থগিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহকারী পরিচালক (বিনিয়োগ) পদে চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন ফারহানা নাসরিন। কিন্তু মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে তাঁর নিয়োগ স্থগিত রাখা হয়েছে।জানতে চাইলে পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক সুষেণ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘সেই মহিলা লোকজন নিয়ে এসে সচিব মহোদয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সচিব মহোদয় তাই তাঁর নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।’তবে সংশ্লিষ্ট সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভদ্রমহিলার চাকরিতে যোগদান কেন স্থগিত করা হয়েছে, সে প্রশ্ন আমারও। বিষয়টি জানতে চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ কিছু জানায়নি।’খারাপ ব্যবহার করার অভিযোগে সরকারি চাকরিতে নিয়োগ স্থগিত রাখার কোনো বিধান আছে কি না, জানতে চাইলে সুষেণ চন্দ্র বলেন, ‘বিধান আছে বলেই তো নির্দেশনা পাওয়া গেছে।’এ প্রসঙ্গে সচিব বলেন, ‘খারাপ ব্যবহার করা হলেও কারও চাকরিতে যোগদান স্থগিত করা যায় না। ফারহানা নাসরিন আমার কাছে তাঁর নিয়োগ স্থগিতের বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন ২০ সেপ্টেম্বর। কর্তৃপক্ষ তাঁর চাকরি স্থগিত করেছে ১৫ সেপ্টেম্বর।’হাইটেক পার্কের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সুপারিশে ফারহানা নাসরিনসহ চারজনকে গত ছয় সেপ্টেম্বর অস্থায়ী নিয়োগ দিয়ে ২০ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়। অন্য তিনজন যোগ দিয়েছেন। শুধু ফারহানার যোগদান স্থগিত আছে।গত ১৫ সেপ্টেম্বর পার্ক কর্তৃপক্ষের এক অফিস আদেশে ফারহানার নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। ওই দিন ফারহানা যোগ দিতে গেলে যোগদানপত্র গ্রহণ না করে ফেরত পাঠানো হয়। ১৮ সেপ্টেম্বর তিনি ব্যবস্থাপনা পরিচালক বরাবরে চিঠি লিখে কাজে যোগ দিতে চান। ওই চিঠিতে হাইটেক কর্তৃপক্ষের সিল দিয়ে তাঁর নিয়োগ স্থগিতের কথা লিখে দেওয়া হয়। ফারহানা এ সমস্যা নিরসনের অনুরোধ জানিয়ে সচিব বরাবরে ২০ সেপ্টেম্বর আবেদন করেন।চারজনেরই নিয়োগপত্রে বলা হয়েছে, তাঁরা হাইটেক পার্ক কর্তৃপক্ষের (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা ২০০১-এর আওতায় পড়বেন। ছয় মাস শিক্ষানবিশ থাকবেন। এ সময় তাঁদের আচরণ ও কাজ সন্তোষজনক বিবেচিত না হলে অথবা কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ চাকরির অবসান ঘটাতে পারবে। প্রার্থীর চরিত্র ও প্রাক-কার্যাবলির পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হতে হবে। কাজে যোগ দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে কর্তৃপক্ষ কার্যালয়ে দাখিল করতে হবে।ফারহানার পরিবারের সদস্যরা প্রথম আলোর কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনটাকে খারাপ ব্যবহার বলছে, তা-ও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।