খারাপ রাস্তায় বরাদ্দ কম ভালো রাস্তায় বেশি!
জরুরি ভিত্তিতে রাজধানীর বিভিন্ন সড়ক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এ জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জরুরি সংস্কারের আওতায় মেয়র হানিফ উড়ালসেতু নির্মাণ এলাকা, মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর (রোকেয়া সরণি), মিরপুর দারুস সালাম থেকে আজিমপুর, রাসেল স্কয়ার থেকে পান্থপথ, তেজগাঁও সাত রাস্তার মোড় থেকে শুটিং ক্লাব পর্যন্ত সড়ক মেরামতের কাজ ঈদের আগেই শেষ করবে বলে স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।এদিকে রাজধানীর সড়ক মেরামতে অর্থ বরাদ্দে বৈষম্যের অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো সড়কের জন্য বেশি আর খারাপ সড়কের জন্য কম বরাদ্দ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুরানা পল্টন মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ও ফুটপাত সংস্কারের জন্য দুই কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সড়কটি অপেক্ষাকৃত ভালো, তার পরও জরুরি সংস্কার তালিকায় এসেছে এর নাম। অন্যদিকে পুরান ঢাকার লালবাগ থেকে পিলখানা রোড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য। কিন্তু এর মেরামতের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১০ লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে, লালবাগ থেকে পিলখানা পর্যন্ত সড়কটির অবস্থা খুবই বেহাল। প্রায় দুই কিলোমিটার এই সড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত ভরাট করার জন্য স্থানীয়রা নিজেদের উদ্যোগে সিমেন্টের দলা ফেলেছে। স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী বলেন, ‘লালবাগ রোড থেকে পিলখানা রোডে রিকশায় যাইতে গায়ে ব্যথা হইয়া যায়।’একইভাবে ধানমন্ডির সাতমসজিদ রোডের উন্নয়নকাজের জন্য পাঁচ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অথচ গত বছরই এ সড়কটি সংস্কার করা হয়েছিল। ওই এলাকা ঘুরে দেখা গেছে, সড়কটির অবস্থা বেশ ভালো। যানবাহন ও পথচারিরাও সাচ্ছন্দে চলাফেরা করছে। অটোরিকশাচালক মহিদুল ইসলাম বলেন, ‘এই রাস্তায় গাড়ি টানতে কোনো সমস্যা হয় না। ঝাঁকি হয় না। ঢাকার অনেক রাস্তা থ্যাইকা এই রাস্তায় চইল্যা আরাম পাই।’ অন্যদিকে একই এলাকার গ্রিন রোড বাইলেনের অবস্থা শোচনীয়। সরেজমিনে দেখা যায়, কাদা-পানিতে একাকার এই বাইলেনটির ছোট ছোট অনেক গর্ত। সড়কটির প্রায় পুরোটা অসমতল। কিন্তু এ সড়কটির মেরামতের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৫ লাখ টাকা। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) প্রশাসক জিল্লার রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগেই এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাই বিষয়টি সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই।’ জিল্লার রহমান আরও বলেন, সব রাস্তাই সমতার ভিত্তিতে কাজ হোক, এটা তিনিও চান।