খাল খেয়ে ফেলছে সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দনিয়া রোড চওড়া করতে কুতুবখালী খালের ভেতর বাঁশ পুঁতে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে খালটি সংকুচিত হয়ে যাচ্ছে। ছবিটি পূর্ব দোলাইরপাড়ের ওয়াসার পানির পাম্প এলাকা থেকে তোলা l প্রথম আলো
দনিয়া রোড চওড়া করতে কুতুবখালী খালের ভেতর বাঁশ পুঁতে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে খালটি সংকুচিত হয়ে যাচ্ছে। ছবিটি পূর্ব দোলাইরপাড়ের ওয়াসার পানির পাম্প এলাকা থেকে তোলা l প্রথম আলো

পূর্ব দোলাইরপাড়ে কুতুবখালী খালের একাংশ ভরাট করে দনিয়া রোড চওড়া করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয় লোকজন বলছেন, এমনিতে সামান্য বৃষ্টিতেই এই এলাকা জলমগ্ন হয়ে যায়। এখন খালের প্রশস্ততা কমলে জলাবদ্ধতা আরও প্রকট হবে।

তবে সিটি করপোরেশন একে বলছে ‘সড়ক সংস্কার’। এর জন্য তারা খালের ভেতরে পাইলিং করে দেয়ালও তৈরি করছে। এ কাজের জন্য প্রায় ১৫ দিন ধরে এ পথ দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

দেয়াল নির্মাণের জন্য কুতুবখালী খালে পাইলিং করা হচ্ছে। পূর্ব দোলাইরপাড় থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
দেয়াল নির্মাণের জন্য কুতুবখালী খালে পাইলিং করা হচ্ছে। পূর্ব দোলাইরপাড় থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কুতুবখালী খালের প্রস্থ ছিল প্রায় ৫০ ফুট। গভীরতা ছিল ৮ ফুট। স্থানীয় লোকজন বলেন, দখল হতে হতে খালের পূর্ব দোলাইরপাড় অংশের প্রস্থ নেমে আসে প্রায় ৩০ ফুটে। এরপর সেখানে দোকানপাট বসানো হয়। দোকানের নিচ দিয়ে বর্জ্য ও মাটি ফেলে আস্তে আস্তে খালের ভেতরে দখল আরও বাড়াতে থাকে স্বার্থান্বেষী ব্যক্তিরা। এখন সেই বর্জ্যের দখল বালু দিয়ে ঢেকে এবং খালের ভেতরে পাইলিং করে সড়ক বাড়ানো হচ্ছে। সংকুচিত করা হচ্ছে অতি প্রয়োজনীয় এবং এলাকাটিকে জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য অতিগুরুত্বপূর্ণ এই খালকে। সব অনাচারের পর এখন খালের প্রস্থ ১৫ ফুটে নেমে এসেছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় খালের অস্তিত্বই থাকবে না।

গতকাল শুক্রবার ঘটনাস্থলে গিয়ে সে আয়োজনও চোখে পড়েছে। খালের যেটুকু অবশিষ্ট আছে তাতে ময়লা-আবর্জনা ভরা। কোথাও কোথাও স্থাপনা ঢুকে গেছে খালের ভেতরে। পূর্ব দোলাইরপাড় কাঁচাবাজারের উত্তর অংশ পর্যন্ত খালের ভেতরে বাঁশ পুঁতে গড়ে তোলা হয়েছে প্রায় ৩০টি দোকান।

পূর্ব দোলাইরপাড় কাঁচাবাজারের পেছনে কুতুবখালী খালের ওপরে ও পাড়ে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট l প্রথম আলো
পূর্ব দোলাইরপাড় কাঁচাবাজারের পেছনে কুতুবখালী খালের ওপরে ও পাড়ে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট l প্রথম আলো

পূর্ব দোলাইরপাড়ে দনিয়া রোডে ওয়াসার পানির পাম্প (জোন-৭) পর্যন্ত কুতুবখালী খালের মাঝ বরাবর (প্রায় ১৫ ফুট) বাঁশ ও টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এর মধ্যে একটি অংশে পাইলিং করছেন শ্রমিকেরা। পাশে দুটি মোটর দিয়ে খালের পানি অপসারণ করা হচ্ছে। প্রায় ১৫ ফুট প্রস্থের দনিয়া রোডে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। আর পূর্ব দোলাইরপাড় দ্বিতীয় লেনের দ্বিতীয় ফটকের সামনে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লোকজন ওয়াসার পানির পাম্প এলাকা থেকে রিকশায় উঠছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল হক খান বলেন, কুতুবখালী খাল দখল ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বছরের প্রায় অর্ধেকের বেশি সময় দনিয়া রোড জলমগ্ন হয়ে থাকে। এখন এই খাল ভরাট করায় জলাবদ্ধতা আরও বাড়বে। তিনি বলেন, সড়কের প্রশস্ততা বাড়িয়েও কোনো লাভ নেই। কারণ, সড়কের এই অংশে অচিরেই অবৈধ দোকানপাট গড়ে ওঠার আশঙ্কা আছে। দনিয়া রোডের বাকি অংশের প্রশস্ততা গড়ে ১৫ ফুট। কিন্তু এ অংশে খাল ভরাট করে সড়কের প্রস্থ বাড়ানো হচ্ছে। ধোলাইখালের একটি শাখা ছিল কুতুবখালী খাল। বর্তমানে ধোলাইখালের অস্তিত্ব বলতে কিছু নেই। একটি চক্র কুতুবখালী খালটিকেও নিশ্চিহ্ন করতে চাইছে বলে অনেকে অভিযোগ করেন।

দনিয়া রোডের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আগে কুতুবখালী খালের পানি একটি বড় নালা দিয়ে বের হতো। কিন্তু দুই বছর আগে ময়লা-আবর্জনা ও দখলের কারণে কুতুবখালী খালের মুখ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কে হাঁটুপানি জমে যায়।

ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি কুতুবখালী খাল খনন ও দনিয়া রোড সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলী-আদনান (জেবি)। ৪ জুলাই থেকে তারা কাজ শুরু করে। প্রকল্পে খাল ভরাট করে সড়কের প্রশস্ততা বাড়ানোর কোনো বিষয় ছিল না। কার্যাদেশ অনুযায়ী, দনিয়া সড়কের পাড়ে পাইলিং করে দেয়াল নির্মাণ করার কথা।

পূর্ব দোলাইরপাড়ের একাধিক বাসিন্দা বলেন, খালের এই অংশে বাঁশ পুঁতে শতাধিক অবৈধ দোকান গড়ে তোলা হয়েছিল আগেই। নিজ নিজ বাড়ি বরাবর গড়ে তোলা এসব দোকান থেকে বাড়ির মালিকেরা ভাড়া আদায় করতেন। পাইলিংয়ের কাজ শুরু হওয়ার পর বাড়ির মালিকেরা সড়কটি প্রশস্ত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেন। তাঁদের উদ্দেশ্য, সড়কটি বড় হলে আবার তাঁরা দোকানপাট বসাবেন।

কুতুবখালী খালে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে। ছবিটি পূর্ব দোলাইরপাড় কাঁচাবাজারের পেছন থেকে তোলা l প্রথম আলো
কুতুবখালী খালে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে। ছবিটি পূর্ব দোলাইরপাড় কাঁচাবাজারের পেছন থেকে তোলা l প্রথম আলো

তবে জানতে চাইলে একাধিক বাড়ির মালিক বিষয়টি অস্বীকার করেন।

নগরের জলাবদ্ধতা নিরসনে ও বেদখল হওয়া খালগুলো উদ্ধারে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে দাবি করে আসছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে কীভাবে কুতুবখালী খাল উদ্ধার না করে অংশত ভরাট করা হচ্ছে? খুব স্বাভাবিক এই প্রশ্নটি করা হয়েছে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে।

মেয়র প্রথম আলোকে বলেন, ‘খাল ভরাট করে সড়ক নির্মাণ বা প্রশস্ত করার প্রশ্নই আসে না। বরং আমরা নগরের বেদখল হওয়া খালগুলো উদ্ধারে জোরালোভাবে কাজ করছি। ইতিমধ্যে কয়েকটি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা মার্কেট ও বাসাবাড়ি অপসারণ করেছি। কুতুবখালী খালের ব্যাপারে এখনই খোঁজ নিয়ে দেখছি। কোনোভাবেই খাল ভরাট করে সড়কের প্রস্থ বাড়ানো যাবে না।’

কুতুবখালী খালটি ডিএসসিসির অঞ্চল-৫-এর অঞ্চলের অধীন। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘খাল ভরাট বা পাইলিংয়ের বিষয়টি আমার জানা নেই। অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী মো. বোরহান তা জানতে পারেন। তারপরও আমি কাল (আজ শনিবার) খোঁজ নিয়ে দেখব।’

মো. বোরহান প্রথম আলোকে বলেন, ডিএসসিসির একটি প্রকল্পের অধীনে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে দনিয়া রোড সংস্কার, কুতুবখালী খাল খননসহ ১৫টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়মূলক কাজ হচ্ছে। এরই অংশ হিসেবে দনিয়া রোডের পাশে পাইলিং হচ্ছে। খালের ভেতরে নয়।