খাল দখল করে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর কবরস্থান রোডে খালের ওপর গড়ে তোলা হয়েছে ওয়ার্ড কাউন্সি​​লরের কার্যালয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খানের নামে টাঙানো হয়েছে সাইনবোর্ড। ছবিটি গত শনিবার তোলা l আবদুস সালাম
রাজধানীর যাত্রাবাড়ীর কবরস্থান রোডে খালের ওপর গড়ে তোলা হয়েছে ওয়ার্ড কাউন্সি​​লরের কার্যালয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খানের নামে টাঙানো হয়েছে সাইনবোর্ড। ছবিটি গত শনিবার তোলা l আবদুস সালাম

রাজধানীর যাত্রাবাড়ীর কবরস্থান রোডে খালের ওপরে নির্মাণ করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। টানানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেনের নামসংবলিত সাইনবোর্ড। তবে দেলোয়ার হোসেনের দাবি, কারা এ কার্যালয় বানিয়েছেন তিনি জানেন না।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, কবরস্থান রোডের মুখেই সংকীর্ণ হয়ে আসা দেবধোলাই খালের ওপরে আধা পাকা একটি ঘর তোলা হয়েছে। রঙিন টিনের ছাদ। ঘরের নিচে বালুর বস্তা ফেলায় পানিনিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ।

>লিখিত অভিযোগ দিতে বললেন কাউন্সিলর, যাত্রাবাড়ীরকবরস্থান রোডে খালের ওপর নির্মাণ করা হয়েছে এটি , বাঁশ ও বালুর বস্তা দিয়ে ঘরের নিচে খালটি ভরাট করা হয়েছে

ঘরটির বাইরে তিনটি সাইনবোর্ড টানানো। তার দুটিতে লেখা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন/ ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়/ হাজী মো. দেলোয়ার হোসেন খাঁন।’ অন্যটি সাইনবোর্ডটি নগর স্বাস্থ্যকেন্দ্রের। ঘরের সামনে রাস্তার ওপরে একটি পান-সিগারেটের দোকান।
ঘরের ভেতরে ১০-১২টি চেয়ার বিক্ষিপ্তভাবে পড়ে আছে। ঘরের দরজায় তালা দেওয়া। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে কাউন্সিলরের লোকজন আড্ডা দেন।
নাম না প্রকাশের শর্তে এলাকার একজন বাসিন্দা বলেন, ‘ঘরটায় সারা দিনই আড্ডা চলে। কাউন্সিলর নিজে খুব একটা আসেন না। তাঁর লোকজন সাইনবোর্ড টানায় দিছে। কাউন্সিলরের কাছের লোকজন বলে এলাকার কেউ কিছু বলে না।’
দেখা যায়, বাঁশ ও বালুর বস্তা দিয়ে ঘরের নিচে খালটি ভরাট করা হয়েছে। ফলে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ঘরটির উল্টো পাশেই বাইতুশ শার্ফ জামে মসজিদ ও কয়েকটি দোকান। সেখানকার এক দোকানদার বলেন, ‘জায়গাটা আগে থেকেই ভরাট ছিল। ঘরটা তুলছে কয়েক মাস আগে। কাউন্সিলরের নাম ঝুলাইছে কয়েক দিন হইল। খালে ঘর তোলায় সামান্য বৃষ্টি হলেই ময়লা পানিতে সড়ক তলায়ে যায়।’
কার্যালয়টি যে জায়গায় বানানো হয়েছে, তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘর ওনারা (দেলোয়ার হোসেন) করছে। কার্যালয় কি না বলতে পারব না। এলাকার লোকজন আড্ডা মারে। উনি যদি আমার এলাকায় ঘর তোলে আমার কোনো সমস্যা নাই।’
ঘরটি ভেঙে দিচ্ছেন না কেন এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, ‘এটা আন্তরিকতা। আমরা শান্তি চাই। কারও সঙ্গে ঝগড়া করতে চাই না। কয়েক দিন পরে বড় রাস্তা হয়ে যাবে। তখন ভাঙা পড়ে যাবে।’
৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন খান দাবি করেন, তাঁর নাম দিয়ে কারা এ কার্যালয় বানিয়েছে, তিনি জানেন না। তিনি বলেন, ‘আমার কার্যালয় তো এটা না। আমার নাম টানালেই সেটার দায়দায়িত্ব আমার হবে, তাও নয়। সেখানে কোনো অন্যায় কাজ হলে ব্যবস্থা নেব। এলাকার লোকজনের অবজেকশন থাকলে লিখিত দিতে বলেন।’