খাল বেহাল, আছে গ্যাসের সংকটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ইব্রাহিমপুর খালপাড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গ্যারেজ। আবর্জনায় ভরাট হয়ে গেছে খাল।  ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ইব্রাহিমপুর খালপাড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গ্যারেজ। আবর্জনায় ভরাট হয়ে গেছে খাল। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

ইব্রাহিমপুরের খালপাড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, গ্যারেজ। বর্জ্য-মাটি জমে খাল ভরাট হয়ে গেছে। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের খালটির পানি প্রবাহের পথ রুদ্ধ হয়ে গেছে।

গতকাল রোববার সরেজমিনে এই চিত্র দেখা যায়। কাফরুল, ইব্রাহিমপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়ার কিছু অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৬ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডে দুই লক্ষাধিক লোকের বসবাস।

ওয়ার্ডের অন্তত ১৫ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় গ্যাসের সংকট রয়েছে। ওয়ার্ডের বেশির ভাগ সড়ক অপ্রশস্ত এবং সড়কে ফুটপাত নেই। ওয়ার্ডে খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার ও কবরস্থান নেই।

পুরাতন বিমানবন্দর থেকে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হয়েছে ইব্রাহিমপুর খাল। ইব্রাহিমপুর পুলপার এলাকায় দেখা যায়, খালের বেশির ভাগই ময়লা-আবর্জনায় ভরা। খালের পাড়ে গড়ে ওঠা ঘরবাড়ির সব ময়লা-আবর্জনা খালে ফেলা হচ্ছে। বর্জ্যের কারণে পানির প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মাটি জমে সেখানে গাছপালা গজিয়েছে।

রঙ্গিবিবি মসজিদের পেছনে, হাবিবুল্লাহ সড়ক, গেদু মাতবর সড়কে খাল দখল করে দোকানপাট, ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে। খালপাড়ের বাসিন্দা মাতলুব আলী বলেন, আগে খালটি অনেক প্রশস্ত ও পরিচ্ছন্ন ছিল। এখন সেটি বেহাল। খালটি দখলমুক্ত করতে ও খননে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় লোকজন বলেন, খালটি পুনরুদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। সিটি করপোরেশন সূত্র জানায়, খালটি সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন না হলেও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ডিএনসিসি খালটি পরিষ্কার করে। তবে বছর না পেরোতেই কচুরিপানা, ময়লা-আবর্জনা জমে খালে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে।

এদিকে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় গ্যাসের সংকট আছে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সংকট থাকে। সকালে গ্যাস না থাকায় রান্নাবান্না করতে সমস্যায় পড়তে হচ্ছে। অনেকে সকালের নাশতা রেস্তোরাঁ থেকে কিনে খেতে বাধ্য হচ্ছেন।

উত্তর ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা সাইফ আল ইসলাম বলেন, গ্যাসের সংকটের কারণে বেশির ভাগ দিন সকালে নাশতা না করে অফিসে ছুটতে হয়। এলাকায় আগে থেকেই গ্যাসের সমস্যা ছিল। তবে মেট্রোরেলের জন্য রোকেয়া সরণিতে খোঁড়াখুঁড়ি শুরুর পর থেকে সমস্যা বেশি হচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, ২০১৫ সালে ডিএনসিসি নির্বাচনের সময় তাঁদের দাবি ছিল কচুক্ষেত থেকে মিরপুর ১ নম্বরে আনসার ক্যাম্প পর্যন্ত সড়কের দখল হওয়া অংশ উদ্ধার করে সড়কটি যান চলাচলের উপযোগী করা।

ডিএনসিসি সূত্র জানায়, কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের বিপরীত পাশ থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে মিরপুর ১ নম্বরে আনসার ক্যাম্প পর্যন্ত ১০০ ফুট প্রস্থের একটি সড়ক হওয়ার কথা। সময়মতো কাজ শুরু না হওয়ায় সড়কের নির্ধারিত জায়গার অনেকাংশ দখল হয়ে গেছে। সড়কটির ব্যাপারে নতুন করে সমীক্ষা করা হচ্ছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।

এলাকা ঘুরে দেখা যায়, এখন যে সড়কটি দৃশ্যমান, সেখানে কোথাও ২০ ফুট, কোথাও খানিকটা বেশি জায়গা আছে। আবার কোথাও মাঠের মতোখালি জায়গা। ওই খালি জায়গায় অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। সড়কের কিছু অংশের পাশের ভবনের সামনে টেনে দেওয়া হয়েছে টিনের ছাউনি।

এদিকে ওয়ার্ডের সড়কগুলো সরু। কোথাও ১০, কোথাও ১২ ফুট প্রশস্ত। রাজউকের নকশা অনুযায়ী, এলাকার ভেতরের রাস্তাগুলো প্রতিটি ২০ ফুট প্রস্থের হওয়ার কথা। এলাকার বাসিন্দারা বলেন, সড়কের প্রস্থ কম হওয়ায় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। অনেক রাস্তায় অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না।

ওয়ার্ডের বেশির ভাগ সড়কে ফুটপাত নেই। কচুক্ষেত থেকে মিরপুর ১৪ নম্বর পর্যন্ত ফুটপাত আছে। সেগুলোও পাশের দোকানিদের দখলে। এতে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে।