খালেদা-এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব আশরাফুল আলম খোকন বাসসকে বলেন, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার তাঁদের প্রত্যেককে আলাদা আলাদা ঈদ কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বিকেল সাড়ে পাঁচটায় বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে দলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে একটি ঈদ কার্ড হস্তান্তর করেন।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল অফিসার খুরশিদ-উল আলম বিকেল পৌনে তিনটার দিকে এইচ এম এরশাদের সংসদ ভবনের অফিসে যান এবং তাঁর সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলামের কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।

দুপুর ২টা ৫০ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে গিয়ে তাঁর সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলামের কাছে ঈদ কার্ড হস্তান্তর করা হয়।