খালেদা জিয়া উসকানি দিয়ে জামায়াতকে মাঠে নামিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া উসকানি দিয়ে জামায়াত-শিবিরকে মাঠে নামিয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।দেশব্যাপী পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ অভিযোগ করেন। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল-পূর্ব এই সমাবেশ হয়। ছাত্রলীগ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সব উপজেলা শহরে মিছিল করবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা ও এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ছাত্রনেতারা জামায়াত-শিবির-রাজকারকে যেখানে দেখবেন সেখানে ধোলাই দেওয়ার কর্মসূচি দিয়েছেন। কিন্তু আমি তাঁদের অনুরোধ করছি, আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ছাত্রসমাজকে রাজপথে বিরত রেখেছিলাম। কিন্তু জামায়াত-শিবির সন্ত্রাস জিইয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মোকাবিলায় ছাত্রলীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অপরিহার্য ছিল।’সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান। তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধ করবই। আমরা জামায়াত-শিবিরের কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে ফেরত আসার অনুরোধ করছি। অন্যথায় বাংলার ১৬ কোটি মানুষ আপনাদের গণধোলাই দেবে।’সমাবেশ পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ দলের কেন্দ্রীয় ও ছাত্রলীগের নেতারা।সমাবেশ শেষে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রদক্ষিণ করে জিপিও মোড়, মুক্তাঙ্গন, জাতীয় প্রেসক্লাব হয়ে হাইকোর্টের সামনে গিয়ে শেষ হয়।আ.লীগের সমাবেশ-বিক্ষোভ: আওয়ামী লীগ আজ দেশব্যাপী সমাবেশ ও বিক্ষাভ মিছিল করবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে বেলা তিনটায় সমাবেশ ও কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিল করবে দলটি। যুবলীগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা করবে বেলা তিনটায়।স্বেচ্ছাসেবক লীগ জামায়াত-শিবিরের মারমুখী অবস্থানের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল সংগঠনের জরুরি সভা শেষে এই কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: আগামীকাল শুক্রবার সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখাসহ দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শনিবার উপজেলা পর্যায়ে এবং সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।ঢাকা মহানগর আওয়ামী লীগ শনিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করবে। রোববার নগর আওয়ামী লীগের বর্ধিত সভা হবে।