খালেদা জিয়াকে বাড়ি ছাড়ানোর ঘটনায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছে উল্লেখ করে নিন্দা প্রকাশ করেছে। এসব বিবৃতিতে বলা হয়, সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে বেআইনি কাজ করেছে।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়েখ আবদুল মোমিন ও নির্বাহী সভাপতি মুহিউদ্দিন খান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার বিষয়টি ন্যায়বিচারের পরিপন্থী। এর মাধ্যমে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। লেবার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা বেআইনি ও অগণতান্ত্রিক। বাংলাদেশ ন্যাপ বলেছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিরোধীদলীয় নেত্রীকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করেছে। ঢাকা মানবাধিকার কমিশন বলেছে, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সঠিক দিকনির্দেশনা দেওয়া থেকে বিরত থাকার কৌশল নেওয়ায় সরকার খালেদা জিয়াকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করার সুযোগ পেয়েছে। জিয়া ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, খালেদা জিয়াকে উচ্ছেদের ঘটনার পর যদি আগামীতে দেশের জনগণ ধানমন্ডি ৩২ নম্বরের ইট খুলে নিয়ে যায়, সে জন্য কাউকে দায়ী করা যাবে না। শহীদ সেনা স্মরণে জাদুঘরের প্রস্তাব : ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান মোসতাক আহমেদ ও মহাসচিব বি এম সেলিম রেজা এক বিবৃতিতে বলেছেন, উচ্ছেদের কাজটি সরকার ঈদের পরও করতে পারত। আগে করায় বিএনপি হরতাল ডাকার সুযোগ পেয়েছে। যে কারণে জনদুর্ভোগ বেড়েছে। তাঁরা শহীদ মইনুল রোডে খালেদা জিয়ার ছেড়ে আসা বাড়িটিতে শহীদ সেনাদের স্মরণে জাদুঘর করার প্রস্তাব দেন। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে সরকার সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ক্যান্টনমেন্টকেন্দ্রিক চক্রান্তের মূলোৎপাটন হয়েছে।