খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহার করার দাবি
মতিঝিলে ১৮ দলের সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রসংগ্রাম পরিষদ। গতকাল রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। মধুর ক্যানটিন থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলের পর বিক্ষোভ সমাবেশ করে তারা।সভাপতির বক্তব্যে ছাত্রসংগ্রাম পরিষদের সমন্বয়ক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, শাপলা চত্বরে খালেদা জিয়া অগণতান্ত্রিক পন্থায় একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার যে হুমকি দিয়েছেন, এর মাধ্যমে প্রমাণ করেছেন তিনি দেশের প্রচলিত আইন মানেন না, মানেন না দেশের সংবিধান। তিনি দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে কতিপয় আলেম-ওলামার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন।বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পা দিত্য বসু, জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির ও হাসানুজ্জামান তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।