খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি ছাত্রলীগের
ছাত্রলীগ সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মন্তব্য প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।দুপুরে মধুর ক্যানটিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা বক্তব্য দেন।ছাত্রলীগের সভাপতি বলেন, খালেদা জিয়া বারবার মিথ্যাচার করে জাতির সঙ্গে বেইমানি করেছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে মিথ্যাচার করে বাংলাদেশের সব সোনালি অর্জনের ইতিহাসকে কলঙ্কিত করেছেন।সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, খালেদা জিয়া যদি অনতিবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে না নেন, বাংলাদেশ ছাত্রলীগ সব ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করবে।প্রসঙ্গত, গত সোমবার বরিশালের জনসভায় খালেদা জিয়া ‘ছাত্রলীগ একটা দানব হয়ে গেছে’ বলে মন্তব্য করেন।