রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাটাসুর খাল দখল করে সাততলা ভবন নির্মাণ করা হয়েছে। খালের গতিপথ আটকে মাটি ও বালুর বস্তা ফেলে বাঁধ দেওয়া হয়েছে। খালের পাশে পাকা সীমানাপ্রাচীর নির্মিত হয়েছে। ভবন তৈরির প্রস্তুতি চলছে। আবার খালের অভ্যন্তরে বাঁশের তৈরি টংঘরও তৈরি হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গা নদী সংরক্ষণবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কাটাসুর খাল, রামচন্দ্রপুর খাল ও রায়েরবাজার খাল পরিদর্শনে গিয়ে এ ধরনের দুরবস্থা প্রত্যক্ষ করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা কাটাসুর খালের বেহাল দশার জন্য প্রভাবশালীদের দখলদারিকে দায়ী করেন। কর্মকর্তারা নৌমন্ত্রীকে বলেন, খালের মাঝ পর্যন্ত জায়গা দখল করেছেন একজন স্থপতি। তাঁর নাম জেবুন্নেসা। তিনি কারও কথা মানেন না। উচ্ছেদ করতে এলে তিনি ভূমিসচিবকে নিয়ে আসেন। তিনি পাঁচ কাঠা জমি কিনেছেন। কিন্তু খালের সাড়ে ছয় কাঠা দখল করে ভবন নির্মাণের চেষ্টা করছেন।এ সময় মন্ত্রী বলেন, ‘যতই ক্ষমতাবান হোক; খাল দখলমুক্ত করতে হবে।’ উপস্থিত সাংবাদিকদের কাছে খালের দুরবস্থার জন্য ভূমিদস্যুদের দায়ী করে শাজাহান খান বলেন, ভূমিদস্যুরা জাতীয় শত্রু। এদের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে।খাল পরিদর্শন করার আগে নৌমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকার খালের মানচিত্র থেকে এর অবস্থান দেখেন। এ সময় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী মন্ত্রীকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ১১টি খাল বাদ দিলে রাজধানীতে ৪৩টি খালের সন্ধান পাওয়া যায়। এগুলোর মধ্যে ২৬টি খাল ওয়াসার।রামচন্দ্রপুর খালের দুই পাড় মাটি ফেলে অনেকটা ভরাট করা হয়েছে। দখলদারেরা খালের ওপর সাঁকোও তৈরি করেছে। জেলা প্রশাসক নৌমন্ত্রীকে জানান, জেলা প্রশাসন, ডিসিসি ও ওয়াসার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি ১৫ দিনের মধ্যে খাল দখলমুক্ত করবে।সংবাদ সম্মেলন: সরেজমিনে খাল পরিদর্শন শেষে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এলজিইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, নদীদূষণ ও খালদূষণ এক দিনে হয়নি। তাই এক দিনে দূষণমুক্তও করা যাবে না। এ জন্য সময় দিতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আশা করি এবার ওয়াসার ঘুম ভাঙবে। কেননা নদী দখলমুক্ত করার অভিযানে প্রধান বাধা সাধারণত রাজনৈতিক দল। কিন্তু এবার দলমতের ঊর্ধ্বে উঠে নদী-খাল দখলমুক্ত করার অভিযান চালানো হবে।’ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, যদি ওয়াসার কোনো প্রকৌশলী বা কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দায়িত্বে অবহেলার জন্য দুজন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রী শাজাহান খান ও সাংসদ আসলামুল হক উপস্থিত ছিলেন।