খালের সীমানায় কোনো ‘কম্প্রোমাইজ’ হবে না: মেয়র আতিক
খালের সীমানা নির্ধারণে কোনো ‘কম্প্রোমাইজ’ করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সিএস ও আরএস মানচিত্র দেখে খালের সীমানা নির্ধারণ ও খাল উদ্ধার করা হবে।
মেয়র বলেন, ‘অনেকেই খাল অবৈধভাবে দখল করে আছেন। যাঁরা অবৈধ দখলদার, তাঁরা বিষয়টি নিজেরাই জানেন। তাই আমার কাছে না এসে নিজেরাই অবৈধ অংশ ভেঙে ফেলেন। কারণ, খাল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। খাল জনগণের, সেটা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে।’
আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় লাউতলা খাল উদ্ধার অভিযানে এসে মেয়র এ কথা বলেন। গত রোববার থেকে সেখানে খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ।
লাউতলা খাল উদ্ধারে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেছেন জানিয়ে মেয়র বলেন, বছিলা এলাকার একাধিক খাল আছে। কিন্তু একটিও এখন বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত নয়। এ কারণেই বৃষ্টি হলেও এই এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি হয়।
মেয়র আরও বলেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন খালগুলোতে ৪২টি ‘ডেড স্পট’ চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ সেখানে আগে খাল ছিল, এখন আর নেই। এ জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। ঢাকা শহরের পানির প্রবাহ চলমান রাখতে হলে খালগুলো উদ্ধার করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী খালগুলোর সীমানা চিহ্নিতকরণ ও নির্ধারণের কাজ করছে।
খাল উদ্ধারে ১০০ কোটি টাকা জরুরি বরাদ্দ চেয়ে মেয়র বলেন, খালের পাশে সীমানা পিলার স্থাপন করতে হবে। এ ছাড়া খালের দুই পাশে পাড়ে ২০ ফুট করে পাড় দরকার। এটা ছাড়া খাল রক্ষা সম্ভব হবে না। তাই মরা খাল উদ্ধারে জরুরিভাবে এ অর্থ বরাদ্দ বিশেষভাবে প্রয়োজন।
ঢাকা উত্তর সিটি নিজেদের অর্থায়নে ইতিমধ্যে ৮৫ কোটি ব্যয় করে খাল উন্নয়নে কাজ করেছে জানিয়ে মেয়র বলেন, খাল উদ্ধারে ইচ্ছার কোনো অভাব নেই। কিন্তু অনেক জায়গা থেকে বাধা আসে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই খাল উদ্ধার, পরিষ্কার ও খননকাজ চলছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করব। সবার সাহায্য পেলে ঢাকার সব কটি খাল উদ্ধার করা হবে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে খাল উদ্ধার অভিযান ও খননকাজ পরিদর্শনে যান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এ সময় সেখানে ঢাকা–১৩ আসনের সাংসদ সাদেক খান, স্থপতি মোবাশ্বের হোসেন, স্থানীয় কাউন্সিলর ও ঢাকা উত্তর সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।