খিলক্ষেত ও তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
রাজধানীর খিলক্ষেত ও তেজগাঁওয়ে গতকাল সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। খিলক্ষেতে নিহত তরুণী তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে স্থানীয় লোকজন জানিয়েছে।রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক মো. মেজবাউল জানান, কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ের ২০০ গজ উত্তরে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে এক তরুণী (২৪) নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ওই তরুণীর নাম শাহীনূর।উপ-পরিদর্শক মেজবাউল জানান, বটতলার ওই জায়গায় রেললাইনে পরপর বাঁক থাকায় এর আগেও কয়েকবার এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।এদিকে তেজগাঁওয়ে রেললাইন বস্তি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হন। বেলা সোয়া ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করেন রেল পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম। তিনি জানান, ওই যুবক রেললাইন পার হওয়ার চেষ্টা করার সময় বা রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।