খিলক্ষেত ও নিকুঞ্জে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেত এবং নিকুঞ্জ-২ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় চারটি দোকান সিলগালা করে দেওয়া হয় এবং শতাধিক অবৈধ দোকানও উচ্ছেদ করা হয়। গতকাল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সিটি করপোরেশন আইন ২০০৯ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় ছয়টি দোকানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় জনসচেতনতা বাড়াতে অভিযান চালানো হয়। একটি ভবনের গাড়ি রাখার জায়গায় হোটেল করায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে জানতে পেরে চারজন দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত দোকান চারটি সিলগালা করে বন্ধ করে দেন। এ সময় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।