খিলক্ষেতে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেতের বেলনা এলাকায় গতকাল শনিবার ভোরে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের অভিযোগ, তাঁদের জমির ওপর দিয়ে ড্রেজার পাইপ বসানোর প্রতিবাদ করায় স্থানীয় প্রভাবশালী হামিদুর রহমান তাঁদের গুলি করেছেন। এ ঘটনায় হামিদুর রহমনাকে আটক করেছে পুলিশ।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন সদু মিয়া (৫০), তাঁর বোন ফাতেমা বেগম (৪৫) ও সদু মিয়ার ছেলে আবদুল আলিম (২৫)। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলনার ঈদগাহ মাঠের পাশে সদু মিয়া এক খণ্ড জমিতে টমেটো ও মিষ্টি কুমড়ার চাষ করেছেন। এই জমির ওপর দিয়ে শুক্রবার রাতে ড্রেজার মেশিনের পাইপ নিয়ে যান হামিদুর রহমান। বিষয়টি জানতে পেরে গতকাল ভোরে সদু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা জমিতে যান এবং হামিদুর রহমানকে পাইপ তুলে নিতে বলেন। এতে উভয় পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হামিদুর রহমান তাঁর সঙ্গে থাকা শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে সদু মিয়া, ফাতেমা ও আলিম গুলিবিদ্ধ হন। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনজনেরই পায়ে গুলি লেগেছে।