খিলক্ষেতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
রাজধানীর খিলক্ষেত এলাকার ডুমনি-বোয়ালিয়া খাল উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল সকালে খিলক্ষেত থানার সামনে দুই শতাধিক লোক এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া পাতিরা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ডুমনি-বোয়ালিয়া খাল দখল বন্ধ করা, ভূমিদস্যুদের হাত থেকে কৃষিজমি রক্ষা এবং দখল করা খাল উদ্ধারের দাবিতে এলাকাবাসী এই মানববন্ধন করেছেন। খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এলাকাবাসী এ আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি জানান। ডুমনি-বোয়ালিয়া খাল উদ্ধার কমিটির আহ্বায়ক আবু লাইস বলেন, খাল উদ্ধারের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। খাল উদ্ধারের দাবিতে গ্রামের কয়েক শ ভুক্তভোগী মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। খাল উদ্ধার না হওয়া পর্যন্ত আরও কর্মসূচি দেওয়া হবে। গ্রামবাসীরা জানান, ডুমনি-বোয়ালিয়া খালটি এলাকার প্রধান প্রবহমান ধারা। এ খাল কৃষিজীবীদের জীবিকারও প্রধান উৎস। ১৪টি গ্রামের প্রায় ১৫ হাজার কৃষক তাঁদের জমিতে এই খালের পানি ব্যবহার করেন। এ ছাড়া ১৫৮টি জেলেপরিবারের জীবিকা এর ওপর নির্বাহ করে। রাজধানীর খিলক্ষেত, বাড্ডা ও দক্ষিণখান এলাকার পানিনিষ্কাশনের পথ এবং ছোট খালগুলো এই খালে এসে মিশেছে। অথচ ভূমিদস্যুদের কবলে এখন খালটি বিলুপ্তির পথে। তারা সরকারি অনুমোদন না নিয়েই খালটি দখল করেছে। এরপর খালের ওপর বাঁধ দিয়েছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে কয়েক শ কৃষিখেতের ধান ও সবজি। প্রবাহ না থাকায় খালে এখন আগের মতো মাছও নেই। এলাকার মানুষের আশীর্বাদ হিসেবে প্রবহমান এ খালটি মরে গেলে এর বিরূপ প্রভাব পড়বে আশপাশে। এলাকায় পানির স্বাভাবিক স্তরও নিচে নেমে যাবে। এতে করে পানির সংকট দেখা দেবে। এলাকার লোকজন জানান, কিছুদিন আগেও এ খাল দিয়ে নৌকা চলত। এখন তাও বন্ধ হয়ে গেছে। ‘ডুমনি-বোয়ালিয়া খাল উদ্ধার কমিটি’র ব্যানারে স্থানীয় বাসিন্দারা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘ডুমনি-বোয়ালিয়া খাল দখলমুক্ত করো’, ‘খাল দখলকারী ভূমিদস্যুদের শাস্তি চাই’, ‘খাল উদ্ধার করো, এলাকাবাসীকে রক্ষা করো’ ইত্যাদি দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।