খিলক্ষেতে বালু নদে অভিযান, ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খিলক্ষেত এলাকায় বালু নদে অভিযান চালিয়ে আবাসন কোম্পানির স্থাপনাসহ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল সোমবার খিলক্ষেতের ইছাপুরা ও পূর্বাচল সেতু এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
গত রোববার পুলিশের অভাব ও দখলকারীদের বাধায় ডেমরায় বালু নদে উচ্ছেদ অভিযান অসমাপ্ত রেখেই এলাকা থেকে ফিরে গিয়েছিল বিআইডব্লিউটিএর অভিযানকারী দল। গতকাল আবার খিলক্ষেতে অভিযান চালানো হয়। তবে ডেমরায় পুলিশ পাওয়া না গেলেও খিলক্ষেত থানার ১০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। এ ছাড়া ৮ জন আনসার ও ৫০ জন শ্রমিক অভিযানে অংশ নেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন অভিযানে নেতৃত্ব দেন।
জেএসডি নামের একটি আবাসন কোম্পানি প্রায় ৩০০ ফুট জায়গায় ১০ ফুট উঁচু দেয়াল দিয়ে নদের জায়গার দখল নিয়েছিল। কাছাকাছি এলাকায় দুটি ইটের গদির জন্য নদ থেকে ২০ ফুট উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া নদের প্রায় ২০০ ফুট অংশে বাঁশের বেড়া ও বালুর বস্তা দিয়ে একটি কোম্পানি নদীর জায়গা দখল করেছিল। এক্সকাভেটর উঁচু দেয়াল দুটি এবং বেড়া ভেঙে দেয়। উচ্ছেদ করা হয় দুটি অবৈধ জেটি, একটি দোতলা বাড়িসহ আরও ১৮টি অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএর ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ইছাপুরা ও পূর্বাচল সেতুর কাছে বালু নদের তীরের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় অভিযান পরিচালিত হয়।