খিলগাঁও উড়ালসেতু হালকা যানবাহনের জন্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৭ ঘণ্টা বন্ধ রাখার পর গতকাল শনিবার বেলা একটার দিকে খিলগাঁও উড়ালসেতু (ফ্লাইওভার) হালকা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একটি স্প্যান (পিলার) সামান্য দেবে যাওয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।গতকাল সকালে সেতুর বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দুপুরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক তদন্তে সেতুতে দৃশ্যত কোনো ত্রুটি পাওয়া যায়নি। হালকা যানবাহন চলাচলে কোনো ঝুঁকিও নেই।ওই দলের প্রধান ছিলেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মুনাজ আহম্মেদ নূর, অধ্যাপক আবদুল জব্বার খান, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান এবং সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন বিশেষজ্ঞ দলে। ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদও উড়ালসেতুটি পরীক্ষা-নিরীক্ষার সময় বিশেষজ্ঞ দলের সঙ্গে ছিলেন।অধ্যাপক মুনাজ আহম্মেদ নূর সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে সেতুতে কোনো ত্রুটি নেই। যেটুকু ত্রুটি আছে, তা হয়তো অনেক আগে থেকেই ছিল, যা কারও চোখে পড়েনি। স্থানীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে বলে সেতুটি কোনো কোনো জায়গায় সামান্য উঁচু-নিচু হয়েছে। এটা নির্মাণের সময়ই লক্ষ করতে হতো। তবে এখন যা ঘটেছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেটুকু ত্রুটি রয়েছে তা মেরামতেরও প্রয়োজন নেই।তাহলে শুধু হালকা যানবাহন কেন, ভারী যান কেন চলাচল করতে পারবে না—এই প্রশ্নের জবাবে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সড়ক নিরাপত্তার স্বার্থে দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উড়ালসেতুতে ট্রাক-বাসসহ ভারী যান চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে জন্যই মহাখালীর উড়ালসেতুতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এখানেও বন্ধ থাকবে।বিষয়টি নিয়ে গতকাল বিকেল তিনটার দিকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। দীর্ঘদিন উড়ালসেতুটি রক্ষণাবেক্ষণ করা হয়নি—সাংবাদিকদের এমন অভিমত প্রসঙ্গে মেয়র বলেন, নজরদারি নিয়মিতই ছিল। তবে প্রকৌশলীরা আগে কোনো ত্রুটি দেখতে পাননি। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।মেয়র বলেন, ২০০৬ সালে ডিসিসির কাছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খিলগাঁও উড়ালসেতু হস্তান্তর করার সময় এ ধরনের কোনো ত্রুটি প্রকৌশলীদের চোখে পড়েনি। ভবিষ্যতে সেতুর বিষয়ে তদারকি জোরদার করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এ ত্রুটি আগেই চোখে পড়ত।ঘটনাস্থলে উপস্থিত খিলগাঁও উড়ালসেতুর পরামর্শক কোম্পানির কর্মকর্তা নুরুল আমিন বলেন, সেতুটির রক্ষণাবেক্ষণে খুবই অযত্ন হয়েছে। উড়ালসেতুতে ২০ টনের বেশি পণ্যবাহী ট্রাক চলাচল করা ঝুঁকিপূর্ণ। অথচ ৩০ টনের বেশি পণ্যবাহী ট্রাক চলাচল করত। এ ছাড়া সেতুর ওপরে চলাচলকারী গাড়ির গতি ১২ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে রাখার কথা। কিন্তু এর চেয়ে অনেক বেশি গতিতে যানবাহন চালানো হয়েছে প্রতিনিয়ত। প্রসঙ্গত, মহাখালী ও তেজগাঁও উড়ালসেতু দিয়েও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল। কিন্তু তা-ও মানা হয়নি।এলজিইডির উদ্যোগে ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটার প্রশস্ত এই উড়ালসেতু নির্মাণে ৮১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হয়। ২০০৫ সালের ২৩ মার্চ এটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। খিলগাঁও উড়ালসেতু ১৭ ঘণ্টা বন্ধ থাকায় শাহজাহানপুর, খিলগাঁও, রাজারবাগ, অতীশ দীপঙ্কর সড়কে গতকাল দুপুর পর্যন্ত বেশ যানজট ছিল। গতকাল সকাল থেকে উড়ালসেতুর নিচের রাস্তাগুলো ঘণ্টার পর ঘণ্টা যানজটে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিল। ঈদের ছুটি শেষে গতকাল ওই এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। ফলে যানজট আরও বেশি হয়েছে। তবে ফ্লাইওভার চালুর পর যানজট কমে আসে।